নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে চড়া শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা। এজন্য নয়াদিল্লিকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে বলে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার পরেও রুশ তেল কেনা বন্ধ করেনি ভারত। স্বাভাবিক ভাবে এই ইস্যুতে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে মস্কোও। ট্রাম্পকে চাপে ফেলতে এবার পাল্টা চাল ক্রেমলিনের। রাশিয়া জানিয়েছে, এখন থেকে ভারতকে তেলের দামে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় দিতে প্রস্তুত তারা। বুধবার এমনই জানিয়েছেন ভারতে নিযুক্ত সেদেশের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টিটিভ এভজেনি গ্রিভা। এদিন তিনি বলেন, ‘রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল কিনলে পাঁচ শতাংশ ছাড় পাবে। তবে সবটাই আলোচনা সাপেক্ষে।’



