Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লক্ষ্য যুদ্ধবিরতি, মার্কিন মধ্যস্থতায় ফের বৈঠকে বসল রাশিয়া ও ইউক্রেন

সংযুক্ত আরব আমিরশাহির পর সুইৎজারল্যান্ডের জেনিভা। চতুর্থ বর্ষপূর্তির আগে মঙ্গলবার আমেরিকার মধ্যস্থতায় ফের আলোচনায় বসল রাশিয়া-ইউক্রেন।

লক্ষ্য যুদ্ধবিরতি, মার্কিন মধ্যস্থতায় ফের বৈঠকে বসল রাশিয়া ও ইউক্রেন
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জেনিভা: সংযুক্ত আরব আমিরশাহির পর সুইৎজারল্যান্ডের জেনিভা। চতুর্থ বর্ষপূর্তির আগে মঙ্গলবার আমেরিকার মধ্যস্থতায় ফের আলোচনায় বসল রাশিয়া-ইউক্রেন। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সংশ্লিষ্ট বৈঠকে মাধ্যমে যুদ্ধবিরতির শর্ত চূড়ান্ত করতে মরিয়া ট্রাম্প প্রশাসন। কিয়েভের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সেদেশের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। অন্যদিকে মস্কোর হয়ে উপস্থিত থাকছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি।

Advertisement

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কিয়েভে সামরিক অভিযান শুরু করে মস্কো। পালটা হামলা চালায় ভোলোদিমির জেলেনস্কির দেশ। তারপর প্রায় চার বছর কেটে গিয়েছে। তবে যুদ্ধ অব্যাহত। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে দুই রাষ্ট্রের সংঘাত থামানোর চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুতে আবু ধাবিতে বৈঠকে বসেছিল রাশিয়া-ইউক্রেন। সেখানে রাশিয়ার দাবি মেনে ন্যাটোর সদস্য পদ না নেওয়ার বার্তা দিয়েছিল কিয়েভ। তবে মস্কোর ভূমি বিনিময় সংক্রান্ত প্রস্তাব মানতে নারাজ জেলেনস্কি প্রশাসন। 
জেনিভায় বৈঠক শুরুর আগে ফের ইউক্রেনে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। সোমবার প্রায় ১২টি অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ক্রেমলিন। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কির তোপ, ‘রাশিয়া যত খারাপ কাজ করবে ওদের সঙ্গে চুক্তি করা ততটাই কঠিন হয়ে পড়বে। আমেরিকা সহ অন্যান্য অংশীদারদের সেটা বুঝতে হবে।’ সূত্রের খবর, জুন মাসের মধ্যে ভূমি হস্তান্তর সংক্রান্ত জটিলতা মিটিয়ে নিতে চাইছে আমেরিকা। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জেনিভার এই বৈঠক।

সম্পর্কিত সংবাদ