Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজে প্রচার শুরু শাসক ও বিরোধী দলের

কোথাও দেওয়াল লিখন, কোথাও মিছিল আবার কোথাও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক।

মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজে  প্রচার শুরু শাসক ও বিরোধী দলের
  • ১৮ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: কোথাও দেওয়াল লিখন, কোথাও মিছিল আবার কোথাও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। এগুলি দিয়েই মহেশতলা, বজবজ, টিএম ব্লক, মেটিয়াবুরুজ জুড়ে শাসক ও বিরোধী দলের প্রার্থীরা ভোট প্রচারে নেমে পড়েছেন। মহেশতলা বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়েছে সোমবার। বিকেল থেকেই দলের নেতাদের সঙ্গে নিয়ে মিছিল বের করেন তিনি। দলের কর্মীদের হাতে ছিল গ্যাস সিলিন্ডারের কাটআউট। সায়নবাবু বলেন, তৃণমূলের কাজকর্ম দেখে মানুষ তিতিবিরক্ত। বিজেপিকেও তারা চান না। ফলে বিকল্প একমাত্র সিপিএম তথা বামফ্রন্ট। অন্যদিকে, মহেশতলা পুরসভার চেয়ারম্যান ও বর্তমান বিধায়ক দুলালচন্দ্র দাস এবার তৃণমূলের প্রার্থী হননি। সেই জায়গায় তাঁর কনিষ্ঠ পুত্র শুভাশিস দাসকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাঁর নাম ঘোষণা হয়। তিনি বলেন, মহেশতলার ভোটাররা আমাদের পরিবারকে অনেকদিন ধরে চেনেন। এর আগে আমার মা প্রয়াত কস্তুরি দাস বিধায়ক ছিলেন। এরপর বাবা দুলালচন্দ্র দাস বিধায়ক হন। এবার দল আমাকে প্রার্থী করল। কয়েকদিন আগে থেকে প্রস্তুতি চলছিল। দেওয়াল রং থেকে প্রতীক আঁকা হয়েছে। কর্মী বৈঠকও করছি। কাল থেকে জনসংযোগ শুরু হবে। এই কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়নি এদিন পর্যন্ত। তবে উভয় দলের নেতারা বসে নেই। বিজেপির মহেশতলার আহ্বায়ক অসিত বাগ এবং কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক গোপাল মণ্ডল বলেন, দেওয়াল চুনকাম থেকে শুরু করে কর্মীদের সঙ্গে ছোট ছোট বৈঠক চলছে আমাদের।

Advertisement

এছাড়া বজবজ বিধানসভা কেন্দ্রে তৃণমূল ফের অশোক দেবকেই প্রার্থী করেছে। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, ৩৬৫ দিন অশোক দেব এলাকার মানুষের সঙ্গে থাকেন। কাজ করেন। তাই আলাদা করে আমাদের প্রচার করতে হয় না। এদিকে, সিপিএম এখনও বজবজে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তারা কেন্দ্রটি আইএসএফকে কেন্দ্র ছাড়তে পারে বলে জল্পনা চলছে। বিজেপির লড়াকু নেতা ডাঃ তরুণ আদক এখানে প্রার্থী হয়েছেন। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে এসে বজবজে প্রচার শুরু করেন তিনি।
মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে তৃণমূল ফের আব্দুল খালেক মোল্লাকে প্রার্থী করেছে। তিনিও এদিন সন্ধ্যার পর থেকে প্রচারে নেমেছেন। আর টিএম ব্লকে দিলীপ মণ্ডলের হয়ে এদিন বিকেল থেকে দেওয়াল লেখা শুরু করেন ব্লক তৃণমূল সভাপতি বিপ্লব মণ্ডল। 

সম্পর্কিত সংবাদ