Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাতিল সিমেন্টের টেন্ডার দখল নিয়ে গোলমাল, চপারের কোপ, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ৩

বাতিল সিমেন্ট কেনার টেন্ডার দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চিৎপুরে। টেন্ডার পাওয়া কোম্পানির ম্যানেজারকে এলোপাথাড়ি কোপাল একদল দুষ্কৃতী।

বাতিল সিমেন্টের টেন্ডার দখল  নিয়ে গোলমাল, চপারের কোপ, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ৩
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাতিল সিমেন্ট কেনার টেন্ডার দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চিৎপুরে। টেন্ডার পাওয়া কোম্পানির ম্যানেজারকে এলোপাথাড়ি কোপাল একদল দুষ্কৃতী। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। পুলিশ জানিয়েছে, আহতের নাম আকাশ মিশ্র। চপার জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। লালবাজার জানিয়েছে, ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। তদন্তে নেমে পলাতক ৩ দুষ্কৃতীকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছেন চিৎপুর থানার পুলিশ। 

Advertisement

সূত্রের খবর, ওই এলাকায় বাতিল সিমেন্ট বিক্রির জন্য টেন্ডার ডাকে একটি নামী কোম্পানি। ভিনরাজ্যের এক কোম্পানি সেই টেন্ডার পায়। তাদের অফিস রয়েছে হাওড়ায়। ম্যানেজার আকাশ। অভিযোগ, ৬ জুলাই ঘটনাস্থলে গিয়ে টেন্ডার দখল করতে চায় কয়েকজন দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, সেই দলের পান্ডা সিকান্দর যাদব। তিনি এলাকায় শাসকদল ঘনিষ্ঠ বলে বিশেষভাবে পরিচিত। তাঁর সঙ্গে আরও দু’জন ছিল। অভিযোগ, তাঁদের দাবি, ভিনরাজ্যের কাউকে বাতিল সিমেন্টের টেন্ডার দেওয়া যাবে না। স্থানীয় সিন্ডিকেটই সেই বাতিল সিমেন্ট কিনবে। এই নিয়ে টেন্ডার নেওয়া কোম্পানির ম্যানেজারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় অভিযুক্তরা। দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। অভিযোগ, আক্রোশের বশে আচমকা চপার জাতীয় ধারালো অস্ত্র দিয়ে আকাশ এলোপাথাড়ি কোপাতে শুরু করে সিকান্দর ও তার শাগরেদরা। আক্রান্ত অবস্থায় জখম আকাশ চিৎকার করতে শুরু করেন। এরপর ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয়রা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে যুবকের। হাসপাতাল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় চিৎপুর থানার পুলিশ। খুনের চেষ্টার মামলা রুজু হয়। বিশেষ টিম গঠন করে তদন্তকারীরা উত্তরপ্রদেশে যায়। সেখানেই অভিযান চালিয়ে ৩ জন অভিযুক্তকে পাকড়াও করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ