Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শুভেন্দু মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম চূড়ান্ত করতে আজ বৈঠকে আরএসএস

বাংলায় নবগঠিত গেরুয়া সরকারের বাকি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম স্থির করতে বৈঠক ডাকল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক উইং বিজেপি।

শুভেন্দু মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম চূড়ান্ত করতে আজ বৈঠকে আরএসএস
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় নবগঠিত গেরুয়া সরকারের বাকি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম স্থির করতে বৈঠক ডাকল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক উইং বিজেপি। সরাসরি রাজনৈতিক সংশ্রব না রাখলেও, বিজেপিকে ‘সঠিক পথে চলতে’ পরামর্শ দেয় সংঘ। সেই সূত্রেই আজ রবিবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে তলব করা হয়েছে। শ্যামাপ্রসাদের মাটিতে প্রথম বিজেপি সরকারের প্রতি বঙ্গবাসীর অফুরান প্রত্যাশা। তাই মন্ত্রিসভার সদস্য চয়ন ও ভারসাম্য রক্ষায় বাড়তি সতর্ক ‘বিচার পরিবার’। অভিভাবক হিসেবে দল ও প্রশাসনে ক্ষমতার ভরকেন্দ্র নির্ধারণে অনুঘটকের ভূমিকা নিতে চলেছে আরএসএস। এক্ষেত্রে আদি বিজেপি এবং সংঘ ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সম্ভাব্য মন্ত্রীদের সেই তালিকার ‘খসড়া’ চূড়ান্ত করতেই গুরুত্বপূর্ণ এই বৈঠক বলে জানা গিয়েছে।

Advertisement

বিজেপি সূত্রে জানা গিয়েছে, পদ্ম প্রতীকে জয়ী একগুচ্ছ প্রার্থীর নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। যাঁদের মধ্যে অনেকের রাজ্যের মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর হওয়ার ভাগ্যের শিকে ছিঁড়তে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য তাপস রায়। পরিষদীয় বিষয়ে বিরাট অভিজ্ঞতা রয়েছে তাপসবাবুর। তৃণমূল সরকারের মন্ত্রী থেকেছেন। গত লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দান করেন। উত্তর কলকাতা কেন্দ্র থেকে হেরে গেলেও লড়াই চালিয়ে গিয়েছেন। বিজেপির মন্ত্রিসভায় অভিজ্ঞতার অভাব রয়েছে। সেই খামতি পূরণে তাপস অন্যতম সেরা বাজি হতে পারেন। একইভাবে ভাসছে বাম আমলে পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষের। ২০১৮ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১ ও ২০২৬ সালে চাকদহ বিধানসভা থেকে জয়ী হন। শুভেন্দু ঘনিষ্ঠতা ও অভিজ্ঞতা বাজি হতে পারে বঙ্কিমবাবুর। স্বপন দাশগুপ্ত মন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে উচ্চশিক্ষিত ভদ্র বাঙালি হিসেবে অন্যতম সেরা তিনি। মোদি-শাহের আস্থাভাজন হিসেবে পরিচিত স্বপনবাবু বড় দপ্তর পেতে পারেন। মহিলা মুখ হিসেবে চর্চায় রয়েছে উত্তরবঙ্গের শিখা চট্টোপাধ্যায় ও রেখা পাত্রের নাম। ২০২১ সালে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট গৌতম দেবকে হারিয়ে চমকে দিয়েছিলেন শিখাদেবী। ফের জিতে এসেছেন। অন্যদিকে, সন্দেশখালিকাণ্ডকে মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে রেখা পাত্রের। মহিলা সশক্তিকরণে বিজেপির দাওয়াই হতে পারেন রেখা। এছাড়াও অর্জুন সিং, শঙ্কর ঘোষ, রীতেশ তিওয়ারি, শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, ভরত ছেত্রী, অম্লান ভাদুরি, জিতেন্দ্র তিওয়ারি, রুদ্রনীল ঘোষদের নাম নিয়ে আলোচনা চলছে।     

Advertisement
সম্পর্কিত সংবাদ