Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাক বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সরব আরএসএসের কর্মচারী ইউনিয়ন

আরএসএসের ভারতীয় ডাক কর্মচারী মহাসংঘ ডাক বিভাগে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক। বিস্তারিত পড়ুন।

ডাক বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সরব আরএসএসের কর্মচারী ইউনিয়ন
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ডাক বিভাগ নিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধিতায় এবার সরব হল আরএসএসের শাখা সংগঠন ভারতীয় ডাক কর্মচারী মহাসংঘ। কর্মীদের উপর টার্গেটের চাপ সৃষ্টি, বিদেশি পরামর্শদাতা সংস্থার সুপারিশে বেসরকারিকরণের উদ্যোগ এবং ডাক পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে সরকারের নীতির প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে সংগঠন। শুধু তাই নয়, ডাক বিভাগে বেড়ে চলা দুর্নীতি নিয়ে সুর চড়িযেছে আরএসএসের এই শাখা সংগঠন। দাবি পূরণ না হলে ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটেরও কথাও বলা হয়েছে।

Advertisement

ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের সার্কেলের পক্ষে স্বর্ণেন্দু চক্রবর্তী বলেন, ডাকবিভাগ সংক্রান্ত বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারকে একটি বার্তা দিতে চাইছি। সেইমতো বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।‌
সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০ থেকে ২৭ জুলাই পর্যন্ত কর্মীরা কালো ব্যাজ পরে দায়িত্ব পালন করবেন। ২৮ জুলাই লাঞ্চের সময় মণ্ডলীয় কার্যালয়গুলির সামনে বিক্ষোভ প্রদর্শন হবে। এরপর ৫ আগস্ট এক দিনের ধর্মঘট এবং ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ভারতীয় ডাক কর্মচারী মহাসংঘের অভিযোগ, ডাক বিভাগের কর্মীদের উপর অস্বাভাবিক টার্গেটের চাপ সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, অনেক ক্ষেত্রে কর্মীদের নিজেদের বেতনের টাকা খরচ করে অ্যাকাউন্ট খুলে টার্গেট পূরণ করতে হচ্ছে। কর্মীদের মূল দায়িত্ব ডাক পরিষেবা পরিচালনা হলেও তাঁদের আর্থিক পণ্য বিক্রির কাজে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ সংগঠনের।
এছাড়া সংগঠনের দাবি, প্রধানমন্ত্রী রেলপথে ডাক পরিবহণের কথা ঘোষণা করলেও বাস্তবে আন্তঃশহর ডাক পরিবহণে রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্কের ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে রেল ডাক পরিষেবা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে এবং সরকারি অর্থ বেসরকারি পরিবহণ সংস্থার কাছে চলে যাচ্ছে। 
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ডাক বিভাগে ক্রমবর্ধমান দুর্নীতির অভিযোগ তুলেছে আরএসএসের এই শাখা সংগঠন। তাঁদের দাবি, ডাক বিভাগের দুর্নীতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অবিলম্বে এই সমস্যার সমাধান করার হোক।  তাঁর জন্য কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া এবং এই বিষয়ে সংগঠনের‌ প্রতিনিধির সঙ্গে আলোচনার করার কথা বলা হয়েছে।
মহাসংঘের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— মেল মোটর সার্ভিস সহ বিভিন্ন শাখার শূন্যপদ পূরণ, ডাক বিভাগে দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা, পোস্টাল অ্যাকাউন্টসের বিকেন্দ্রীকরণ বন্ধ, বিভিন্ন ক্যাডারের পুনর্গঠন, প্রাক্তন সেনাকর্মীদের বেতন বৈষম্য দূর করা, মৃত কর্মচারীদের নির্ভরশীলদের জিডিএস-এর শূন্য পদে নিয়োগ, জাতীয় বিতরণ কেন্দ্র ব্যবস্থা বাতিল করে পুরনো ডেলিভারি ব্যবস্থা পুনরায় চালু করা এবং ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তীকে জাতীয় শ্রম দিবস হিসেবে ঘোষণার দাবি।
সংগঠনের বক্তব্য, কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং ডাক বিভাগের সরকারি চরিত্র অক্ষুণ্ণ রাখতেই এই আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছে ভারতীয় ডাক কর্মচারী মহাসংঘ।

Advertisement
সম্পর্কিত সংবাদ