নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এবার রেজিনগর উপনির্বাচন থেকে সরে দাঁড়াল আরএসপি। কমিশন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ঘোষণা করল আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড়। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
ওই বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কমিশন অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে। বিরোধী দলগুলির জন্য প্রতীক বণ্টনের ক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে, যার মূল উদ্দেশ্য বিজেপির জয়ের রাস্তা সুগম করা। আরএসপির রাজ্য সম্পাদকের কথায়, রেজিনগর উপনির্বাচনে তাঁদের প্রার্থীর আচমকা নির্ধারিত প্রতীক কোদাল ও বেলচা কেড়ে নেওয়া হল। অথচ স্ক্রুটিনি চলাকালীন বা নির্বাচনের কোনো বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আগে থেকে কোনো সতর্কীকরণ বা বার্তা দলকে দেওয়া হয়নি। পাশাপাশি নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে, বিরোধী প্রার্থীদের উপর চাপ তৈরি করে এই উপনির্বাচনকে একটি প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে। ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এসআইআর ট্রাইব্যুনালে আবেদন জানানোর পরেও বহু মানুষ এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত। কাজেই রেজিনগর কেন্দ্রের উপনির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দল। একই সঙ্গে আরএসপি-র সব সদস্য ও সমর্থকদের ভোট প্রক্রিয়ার এই ‘প্রহসন’ বয়কট করে গণতন্ত্র রক্ষায় আন্দোলন গড়ার আহ্বান জানানো হয়েছে।