Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অফিসার পরিচয় দিয়ে বিদ্যুতের বিল আপডেটের নামে ৪ লক্ষের প্রতারণা

বিদ্যুতের বিল আপডেটের নামে সাইবার প্রতারকরা ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী থানায় অভিযোগ করেছেন। বিস্তারিত পড়ুন।

অফিসার পরিচয় দিয়ে বিদ্যুতের বিল আপডেটের নামে ৪ লক্ষের প্রতারণা
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: অনলাইনে বিদ্যুতের বিল জমা করলেও হেড অফিসে তা জমা পড়েনি। বিদ্যুৎ দপ্তরের অফিসার পরিচয় দিয়ে বিল আপডেট করার কথা বলা হয়। মোবাইলে অ্যাপ ডাউনলোড করিয়ে ইন্দাসের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। প্রতারিত ব্যক্তি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দাসের রোল এলাকার বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর ফোনে গত ৯জুলাই বিকালে কল আসে। বিদ্যুৎ দপ্তরের অফিসার পরিচয় দিয়ে একজন তাঁকে বলে, আপনি অনলাইনে বাড়ির বিদ্যুতের বিল হিসাবে যে ১৪২৯ টাকা মিটিয়েছেন, তা দপ্তরের হেড অফিসে জমা হয়নি। এমনকি, ওই সংক্রান্ত একটি মেসেজও তাঁর মোবাইলে পাঠানো হয়। বাড়িতে বসে মোবাইলেই তা আপডেট করা যাবে বলে জানানো হয়। হেড অফিসে যাওয়ার ঝক্কি এড়াতে তিনি মোবাইলেই আপডেট করতে রাজি হয়ে যান। এরপর তাঁকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা হয়।  প্রতারকদের কথা মতো তিনি মোবাইলে একটি অনলাইন ইউপিআই অ্যাপ ডাউনলোড করেন। তাদের কথা মতো সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণও করেন। এরপর ফোন করে বলা হয়, প্রক্রিয়াটি ৭০শতাংশ সম্পূর্ণ হয়েছে। তাই ইউপিআই অ্যাপটি যেন ২৪ ঘণ্টার মধ্যে খোলা না হয়। পরের দিন বিকালে একই সময়ে পুনরায় ফোন করে আগের দিনের মতো ইউপিআই অ্যাপ খুলতে বলা হয়। একইভাবে বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়। ওই কর্মী সরল বিশ্বাসে তা করেন। ওইদিনই সন্ধ্যায় তিনি এনিয়ে বাড়ির অন্যান্যদের কাছে আলোচনা করতেই তাঁরা অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্ট চেক করার পরামর্শ দেন। তাতে দেখা যায়, ৯ তারিখে ১লক্ষ ৯৯হাজার এবং ১০তারিখে ৯৯হাজার ৫০০টাকা করে দু’বার তোলা হয়েছে। সব মিলিয়ে ৩লক্ষ ৯৮হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইম বিভাগের টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানান। তাঁদের পরামর্শ মতো পরবর্তীতে তিনি ইন্দাস থানাতেও লিখিত অভিযোগ জানান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ