


নয়াদিল্লি: বিজেপি একা ৪৫ শতাংশ, বাকি ২১টি রাজনৈতিক দল ৫৫ শতাংশ। গত লোকসভা নির্বাচন ও চারটি বিধানসভা নির্বাচনে ২২টি রাজনৈতিক দল মিলে খরচ করেছে প্রায় ৩ হাজার ৯০০ কোটি টাকা! ভোটের প্রচারে কত টাকা খরচ করা হয়েছিল, তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিল দলগুলি। সেই তথ্য কমিশন নিজেদের ওয়েবসাইটে আপলোড করে। সেই তথ্য বিশ্লেষণ করতে একটি সমীক্ষা চালিয়েছিল কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ নামে একটি সংস্থা। তাতেই উঠে এসেছে নির্বাচনে বিপুল খরচের বিষয়টি। লোকসভা নির্বাচনে সব দল যা খরচ করেছে, তার মধ্যে সবার প্রথমে রয়েছে বিজেপি। মোট খরচের ৪৫ শতাংশ একাই ব্যয় করেছে পদ্মশিবির। অনেকটা পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। অন্যদিকে, তিনটি আঞ্চলিক দল বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি ও ডিএমকে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচন হয়েছিল। তবে বিজেপির খরচের পরিমাণ আরও বাড়তে পারে বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। কারণ গোয়া, ঝাড়খণ্ড, কর্ণাটক ও মহারাষ্ট্রে বিজেপি কত টাকা খরচ করেছে, সেই সংক্রান্ত যে নথি ও ‘স্ক্যানড’ ছবি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তা এতটাই অস্পষ্ট যে পড়া সম্ভব হয়নি।
সমীক্ষা অনুসারে, ৩ হাজার ৯০০ কোটি টাকার মধ্যে বিজেপি লোকসভা নির্বাচনে খরচ করেছে প্রায় ১ হাজার ৭৩৮ কোটি টাকা। আর চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে তারা খরচ করেছে ৪১ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে, লোকসভা নির্বাচন ও চার রাজ্যে ভোট প্রচারের জন্য কংগ্রেস খরচ করেছে প্রায় ৬৮৭ কোটি টাকা। তবে আলাদা করে চারটি রাজ্যে তারা কত খরচ করেছে, তা জানা যায়নি। কারণ, তারা পাঁচটি নির্বাচনের সম্মিলিত খরচের হিসেব জমা দিয়েছে। নবীন পট্টনায়েকের দল বিজেডি শুধুমাত্র ওড়িশাতেই লড়াই করেছিল। তারা লোকসভা ও বিধানসভা ভোটে প্রচারের জন্য খরচ করেছে প্রায় ৪১৬ কোটি টাকা। অবশ্য বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারেনি তারা। বিজেডির মতোই অন্ধ্রে ক্ষমতা হারিয়েছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তারাও লোকসভা ও বিধানসভা নির্বাচনে খরচ করেছিল প্রায় ৩২৯ কোটি টাকা। দক্ষিণের আর এক দল ডিএমকের খরচ প্রায় ১৬২ কোটি টাকা। লোকসভা নির্বাচনে বাংলার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস খরচ করেছিল প্রায় ১৪৮ কোটি টাকা।
কিন্তু এত টাকা কীসে খরচ হয়েছে? বিভিন্ন সংবাদমাধমে বিজ্ঞাপন দিতেই সবচেয়ে বেশি খরচ করেছে ২২টি রাজনৈতিক দল। বিজ্ঞাপনের জন্য তারা খরচ করেছে প্রায় ৯৯৩ কোটি টাকা। এর মধ্যে রয়েছে সংবাদপত্র, বৈদ্যুতিন সংবাদমাধ্যম, স্যাটেলাইট ও স্থানীয় চ্যানেল, ওয়েবসাইটে বিজ্ঞাপন ও ‘বাল্ক’এসএমএসের খরচ। সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে বিজেপি একাই খরচ করেছে প্রায় ৬৮৫ কোটি টাকা। ৩৬ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করেছে তৃণমূল কংগ্রেস। আর কংগ্রেস খরচ করেছে মাত্র ১২ কোটির কিছু বেশি। সোশ্যাল মিডিয়াতেও বিজেপি সবচেয়ে বেশি ৮৩ কোটি টাকার বেশি খরচ করেছে। এর সঙ্গেই ‘স্টার ক্যাম্পেনার’দের জন্য বিজেপি খরচ করেছে প্রায় ৩৯০ কোটি টাকা।