Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালিতে বেহাল পিচ রাস্তা তৈরিতে বরাদ্দ সাড়ে তিন কোটি

বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রাস্তাটি। মাঝেমধ্যে জোড়াতাপ্পি দেওয়া হলেও তা স্থায়ী হয়নি। এবার সন্দেশখালির বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে চলেছে রাজ্য সরকার।

সন্দেশখালিতে বেহাল পিচ রাস্তা তৈরিতে বরাদ্দ সাড়ে তিন কোটি
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রাস্তাটি। মাঝেমধ্যে জোড়াতাপ্পি দেওয়া হলেও তা স্থায়ী হয়নি। এবার সন্দেশখালির বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে চলেছে রাজ্য সরকার। বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে সন্দেশখালি ১ ব্লকের ন্যাজাট ২ পঞ্চায়েত এলাকায় তিন কিলোমিটারের বেশি বেহাল রাস্তা পিচের করা হচ্ছে। এতে খরচ হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা। শনিবার এই কাজের শিলান্যাস করলেন উত্তর ২৪ পরগনার সভাধিপতি নারায়ণ গোস্বামী। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সুনীল মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, পঞ্চায়েত প্রধান হেনা দাস মাহাত প্রমুখ। ন্যাজাট ২ গ্রাম পঞ্চায়েত মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা বলেই পরিচিত। মেটিয়াখালি থেকে ন্যাজাট ফেরিঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। তা দিয়ে যাতায়াত করা ছিল খুব ঝুঁকিপূর্ণ। দিনের বেলা কোনওরকমে যাতায়াত করা গেলেও রাতে তা একপ্রকার বন্ধই থাকত। বৃষ্টি হলে হাঁটুসমান জল দাঁড়িয়ে যায়। তবে একদিকে বেতনি, অন্যদিকে বিদ্যাধরী নদী পেরলেই এই রাস্তাটি দিয়ে সহজে যাওয়া যায় ন্যাজাট ১ ও কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফলে, এই রাস্তার গুরুত্ব যথেষ্টই। সমস্ত দিক বিবেচনা করেই সাড়ে তিন কিলোমিটারের মতো রাস্তা পিচ ঢেলে তৈরি করার উদ্যোগ নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।

Advertisement

ডব্লুবিএসআরডিএ’র পক্ষ থেকে বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের আওতায় ৩ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি হবে। ফলে কয়েক হাজার মানুষ উপকৃত হবে। পঞ্চায়েত প্রধান হেনা দাস মাহাত বলেন, রাস্তাটির উপর নির্ভর করে হাজার হাজার মানুষের নিত্য যাতায়াত। তাছাড়া রয়েছে একাধিক স্কুল ও হাসপাতাল। নতুন করে রাস্তা তৈরি হবে জেনে এলাকার মানুষ খুব খুশি। এ নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, রাজ্য সরকারের প্রায় সাড়ে তিন কোটি টাকায় পিচের রাস্তাটি তৈরি হবে সন্দেশখালিতে। ঠিকাদারকে জানিয়ে দেওয়া হয়েছে যে, গুণগতমান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ