নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার ৬ লক্ষ ৮২ হাজার ৫২১ চাষির অ্যাকাউন্টে পিএম কিষানের ১৩৬ কোটি ৫০ লক্ষ ৪২ হাজার টাকা ঢুকল। এদিন নন্দকুমারের কৃষি বিজ্ঞান কেন্দ্রে জেলাস্তরের অনুষ্ঠান হয়। সেখানে জেলাশাসক নিরঞ্জন কুমার, সভাধিপতি বামদেব গুছাইত, জেলা কৃষিদপ্তরের উপ অধিকর্তা(প্রশাসন) সুকান্ত সাহারায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিনই সকলের অ্যাকাউন্টে মাথা পিছু দু’হাজার টাকা ঢুকে গিয়েছে। বছরে তিনটি কিস্তিতে পিএম কিষানে দুই হাজার করে মোট ছ’হাজার টাকা দেওয়া হয়। এটি বছরের দ্বিতীয় কিস্তি। প্রথম কিস্তির প্রাপক সংখ্যা ছিলেন ৬ লক্ষ ৭১ হাজার ৩৪০জন। সেই তুলনায় দ্বিতীয় কিস্তিতে ১১ হাজার উপভোক্তা বেড়েছে। জেলা কৃষিদপ্তরের উপ অধিকর্তা(প্রশাসন) বলেন, শুক্রবার পিএম কিষান প্রকল্পে এবছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। আমাদের জেলায় মোট ৬ লক্ষ ৭১ হাজার চাষি উপকৃত হয়েছেন। এদিনই সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা পাঠানো শুরু করবেন। রাজ্যের সব জেলায় প্রায় ৪৮ লক্ষ চাষির অ্যাকাউন্টে ওই টাকা ঢুকবে। পূর্ব মেদিনীপুরেও প্রায় সাত লক্ষ চাষির অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা ঢুকবে বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে কৃষকবন্ধু উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশন হয়েছে। তারপর পূর্ব মেদিনীপুরে সাত লক্ষ চাষির নাম রাজ্য সরকারের স্কিম বা মুখ্যমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমে যুক্ত হয়েছে বলে জেলা কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে।
গত আগস্ট মাসের শেষ নাগাদ অতিবৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ধান চাষ নষ্ট হয়েছে। জেলা কৃষিদপ্তরের সুপারিশ মতো ১৯টি ব্লকে ২১৬৫টি মৌজাকে ক্ষতিগ্রস্ত বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার। এই মুহূর্তে কেন্দ্রীয় টিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে। আগামী ২নভেম্বরের মধ্যে তার রিপোর্ট জমা পড়বে। তারপরই প্রয়োজনীয় অর্থ অনুমোদন হবে বলে জানা গিয়েছে।পাঁশকুড়ার মাগুরী উত্তরসাই গ্রামের সুনীল গুছাইত, বৈদিবাড় গ্রামের প্রদীপকুমার বেরা বলেন, আগস্টে অতিবৃষ্টিতে ধানচাষে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আশানুরূপ ফলন হবে না। বরং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। পিএম কিষান প্রকল্পে এই আর্থিক সুবিধা পাওয়ায় খরিফ মরশুমে চাষে সুবিধা হবে।জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত বলেন, এদিন ৬ লক্ষ ৮২হাজার চাষি পিএম কিষান স্কিমে মাথাপিছু দু’হাজার টাকা পেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনিয়ে দেশের চাষিদের ২৪তম কিস্তি প্রদান করলেন। এবছর অতিবৃষ্টিতে আমাদের জেলায় চাষে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এই আর্থিক অনুদান চাষিদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে।



