নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ম্যাচর পর ম্যাচ চলে যাচ্ছে। বদলাচ্ছে না ইস্ট বেঙ্গল রক্ষণের হাল। ঐতিহ্যের ডার্বি হেরে সেই আক্ষেপ ফুটে উঠল লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁর মুখে। গোলের সময় ডিফেন্ডারদের ভুল চোখ এড়ায়নি তাঁর। বললেন, ‘কিছুতেই কিছু হচ্ছে না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের একটা ভুলেই খেলা শেষ হয়ে যায়। তাই-ই হল।’ তবে শুধু রক্ষণ নয়, ম্যাচ শেষে রেফারিং নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। ব্রুজোঁর মতে, ‘দু’টি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে মশাল বাহিনী। তাছাড়া শৌভিকের লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়।’
Advertisement
হারলেও এদিন দুরন্ত লড়াই করলেন ক্লেটনরা। বিশেষ করে বলতে হয় পিভি বিষ্ণুর কথা। বড় মঞ্চের মানসিকতা দেখালেন তিনি। আক্রমণ গড়ার পাশাপাশি রক্ষণেও নামতে দেখা গেল তাঁকে। ঠিকমতো পরিচর্যা করলে আগামী দিনে দেশের সম্পদ হয়ে উঠবেন বিষ্ণু। তবে ডাহা ব্যর্থ দিমিত্রিয়াস দিয়ামানতাকোস। তা সত্ত্বেও ৬৪ মিনিটে শৌভিক মাঠ ছাড়ার পর ১০ জনের ইস্ট বেঙ্গলের আধিপত্য ছিল। আর সেটাই এই ম্যাচর বড় পাওনা বলে জানাচ্ছেন স্প্যানিশ হেডস্যার। তাঁর কথায়, ‘কলকাতা ছাড়ার আগে বলেছিলাম, লড়াই হবে। তা ছেলেরা করে দেখিয়েছে। দলের পারফরম্যান্সে আমি খুশি। সেটপিসের সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল বদলাতেই পারত।’ এই ম্যাচ হেরে সুপার সিক্স থেকে অনেকটাই দূরে সরে গেলে ইস্ট বেঙ্গল। এই প্রসঙ্গে লাল-হলুদ কোচের বক্তব্য, ‘এখন আর সেসব নিয়ে ভাবার সময় নেই। বাকি ম্যাচগুলি আমাদের জিততে হবে। তার জন্য ভুলের পুনরাবৃত্তি চলবে না।’



