শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা; আরপিএফের এক মহিলা সাব ইনস্পেক্টরকে (এসআই) জাত তুলে অপমান করার অভিযোগ উঠেছে এই বাহিনীরই এক ইনস্পেক্টরের বিরুদ্ধে। বারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ওই মহিলা এসআইয়ের অভিযোগের ভিত্তিতে দমদম জিআরপি মামলা রুজু করে তদন্তভার দিয়েছে এক ডিএসপিকে।
রেল পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ও অভিযুক্ত দু’জনেই বারাকপুরে কর্মরত। মহিলা এসআইয়ের দাবি, অনেকদিন ধরেই তাঁকে বিরক্ত করছিলেন ইনস্পেক্টর মনোজকুমার যাদব। বিষয়টি তিনি আরপিএফের আধিকারিকদের জানিয়েও ছিলেন। তারপর কিছুদিন মনোজ চুপচাপ থাকলেও ফের তাঁকে লক্ষ্য করে কটূ মন্তব্য করতে থাকেন ওই ইনস্পেক্টর। গত জুন মাসে অভিযোগকারিণী বারাকপুর স্টেশন সংলগ্ন একটি দোকানে খাবার খাচ্ছিলেন। হঠাৎ সেখানে হাজির হন মনোজ। তিনি ওই মহিলা অফিসারকে জাত তুলে কথা বলেন। মহিলা এর প্রতিবাদ করলে আরও উত্তেজিত হয়ে ওই ইনস্পেক্টর জাত নিয়ে আরও কুৎসিত মন্তব্য করেন তাঁকে। এরপর ওই মহিলা সাব ইনস্পেক্টর বিষয়টি বিভাগীয় কর্তাদের জানান। তাঁরা এ নিয়ে বিভাগীয় অনুসন্ধান করেন। জোগাড় করা হয় স্টেশন সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। তাতে প্রমাণ মেলায় মহিলা এসআইকে দমদম জিআরপিতে অভিযোগ জানাতে বলা হয়। সেইমতো তিনি ৯ জুলাই অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে রেল পুলিশ।
এই মামলার তদন্তভার নিয়ম মেনে একজন ডিএসপিকে দেওয়া হয়েছে। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই অভিযোগকারিণীর বক্তব্য রেকর্ড করেছেন। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। আরও তথ্যপ্রমাণ জোগাড়ের কাজ চলছে। জানা গিয়েছে, ওই ইনস্পেক্টর এর আগেও অভিযোগকারিণীকে জাত তুলে অপমান করেছেন। অভিযুক্ত ইনস্পেক্টরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।