আল নাসের- ১ : আল হিলাল- ১
আল নাসের- ১ : আল হিলাল- ১
রিয়াধ: ম্যাচের শেষ বাঁশি বাজতেই তাঁর মুখে হতাশার চালচিত্র। লিগ জয়ের এত কাছে এসেও অপেক্ষা বাড়ার যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সতীর্থদের সান্ত্বনাতেও মন মানল না। বেশ কিছুক্ষণ ঠায় বসে রইলেন। এরপর ধীর পায়ে এগিয়ে গেলেন টানেলের দিকে। সেখানে দলের গোলরক্ষককে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি সিআরসেভেন। পর্তুগিজ মহাতারকার ক্ষোভের মুখে পড়তে হল আল নাসেরের গোলরক্ষক বেন্টোকে। তরুণ এই ব্রাজিলিয়ান দুর্গপ্রহরীর অমার্জনীয় ভুলেই ঘরের মাঠে লিগ জয়ের সুযোগ বিলম্বিত হল রোনাল্ডোদের। মঙ্গলবার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের বিরুদ্ধে লিড নিয়েও ম্যাচের সংযোজিত সময়ের শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে জয় হাতছাড়া করে আল নাসের। ফলে লিগ খেতাব নিশ্চিত করতে শেষ ম্যাচে জিততেই হবে জর্জ হেসাসের দলকে।
আপাতত ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসের। এক ম্যাচ কম খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল। লিগ পর্বের শেষ ম্যাচে ড্র করলে আল নাসেরের পয়েন্ট দাঁড়াবে ৮৪। আর বাকি দু’ম্যাচ জিতলে একই পয়েন্টে পৌঁছবে আল হিলাল। তবে প্রথম লেগে জয়ের সুবাদে হেড টু হেডের নিরিখে সেক্ষেত্রে আল নাসেরকে টেক্কা দেবে তারা। তাই শেষ ম্যাচে ডামাকের বিরুদ্ধে জয় ছাড়া কোনও বিকল্প পথ নেই রোনাল্ডোদের সামনে। মঙ্গলবার মহম্মদ সিমাকানের গোলে লিড নেয় আল নাসের। তবে সংযোজিত সময়ে কর্নার থেকে ভেসে আসা বল বেন্টোর হাত ফসকে জালে জড়ায়।