Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোর জোড়া গোল,জয়ী পর্তুগাল

রোনাল্ডোর জোড়া গোলে জয়ী হলো পর্তুগাল। বিশ্বকাপের আবহে আলভারেজের দলবদল নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন।

রোনাল্ডোর জোড়া গোল,জয়ী পর্তুগাল
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পর্তুগাল-৫      :       উজবেকিস্তান-০

Advertisement

হিউস্টন: এভাবেও ফিরে আসা যায়।মেজর টুর্নামেন্টের ১০টি ম্যাচে কোনো গোল নেই। এদিকে, বিশ্বকাপে লক্ষ্যভেদের ঝড় তুলছেন মেসি, এমবাপেরা। তাই তাঁকে তো ছন্দে, থুড়ি গোলে ফিরতেই হবে। মঙ্গলবার হিউস্টনে চেনা সিআরসেভেনকে দেখল দুনিয়া। ড্রেসিং-রুমের যাবতীয় বিতর্ক ঝেড়ে ফেলে একজোট হয়ে খেলল পর্তুগাল। মহাতারকার ঝুলিতে দু’গোল। এছাড়া রবার্তো মার্তিনেজের হয়ে জাল কাঁপিয়েছেন নুনো মেন্ডেস ও লিয়াও। অপর গোলটি উজবেকিস্তানের নেমাতোভের আত্মঘাতী। 
ভাগ্য সুপ্রসন্ন থাকলে এদিন হ্যাটট্রিকের স্বাদও পেতে পারতেন রোনাল্ডো। শুরু থেকেই গোলের খিদে তাঁর জাত আবার চেনাল। অচেনা কঙ্গোর বিরুদ্ধে সুযোগ নষ্টের জন্য সমালোচনা হয়েছিল পর্তুগিজ মহাতারকার। কিন্তু তিনি তো দমে যাওয়ার বান্দা নন। ম্যাচের ষষ্ঠ মিনিটেই তাঁর প্রথম লক্ষ্যভেদ। ডানদিক থেকে হোয়াও কানসেলোর মাইনাস বক্সের মধ্যে আসতেই তিন পা এগিয়ে এলেন তিনি। তারপর ডান পায়ের নিখুঁত প্লেসিংয়ে বল জড়ালেন জালে (১-০)। উজবেকিস্তানের কোচ কানাভারো বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ইতালির রক্ষণের ইতিহাস লিখলে তাঁকে বাদ দেওয়া সম্ভব নয়। কিন্তু বিপক্ষ কোচের স্ট্র্যাটেজি বানচাল করে দেওয়ার জন্যই তো রোনাল্ডো মহাতারকা। ১৭ মিনিটে ফ্রি-কিক থেকে নুনো মেন্ডেজের গোলের জন্য কৃতিত্ব দিতে হবে তাঁকেও। ফ্রি-কিক স্পটে বল বসানোর পর রোনাল্ডোর হাবভাব প্রতিপক্ষকে বুঝতেই দেয়নি যে তিনি শট নেবেন না। আর সেই সুযোগেই বাঁ পায়ের গোলায় লক্ষ্যভেদ নুনোর (২-০)। বিরতির মিনিট ছয়েক আগে আবার জাল কাঁপালেন সিআরসেভেন। মাঝমাঠ থেকে কে বল বাড়িয়েছিলেন? ব্রুনো ফার্নান্ডেজ। যিনি গত কয়েক বছর ধরেই রোনাল্ডোর ‘শত্রু’। কিন্তু দেশের স্বার্থে এদিন তাঁর ‘জেম অব আ থ্রু’ ধরেই মহাতারকার দ্বিতীয় গোল (৩-০)। এরপরেও একাধিক সুযোগ এসেছিল তাঁর কাছে। কিন্তু জাল কাঁপেনি। হয়তো হ্যাটট্রিক না পাওয়ায় গোলের খিদে আরও বাড়িয়ে নিলেন রোনাল্ডো। উল্লেখ্য, এদিন পেপে ও মেসিকে পিছনে ফেললেন তিনি। না, গোলের সংখ্যায় নয়। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জাল কাঁপানোর নিরিখে। ৪১ বছর ১৩৮ দিনে উজবেকিস্তান বধ হল রোনাল্ডোর হাতে। সামনে শুধু রজার মিল্লা। এছাড়া, ছ’টি বিশ্বকাপে গোল পেয়ে এখন সবার উপরে সিআরসেভেন।
দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে পর্তুগালের চতুর্থ গোলটি নেমাতোভের আত্মঘাতী (৪-০)। তাঁর সঙ্গেই ছিলেন রোনাল্ডো। ৮৭ মিনিটে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি পোঁতেন রাফায়েল লিয়াও (৫-০)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ