হাউস্টন, ২৩ জুন: উজবেকিস্তানকে ৫-০ গোলের ব্যবধানে হারাল পর্তুগাল। জোড়া গোল সিআর সেভেনের। আজ, মঙ্গলবার হাউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় গ্রুপ কে-এর টিম পর্তুগাল এবং উজবেকিস্তান। এদিন ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় খেলা শুরু হতেই আক্রমণ শুরু করে পর্তুগীজরা। ২ মিনিটের মাথায় ৮ নম্বর জার্সিধারী ব্রুণো ফার্নান্ডেজ দুর্দান্ত শট করেন। কিন্তু তা বক্সের কিছুটা উপর দিয়ে বেরিয়ে যায়। এরপর ৬ মিনিটের মাথায় ফের শট। এবারে আর লক্ষ্যভ্রষ্ট হয়নি। গোল করেন সিআর সেভেন। রোনাল্ডোর গোলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় পর্তুগীজরা। ১৭ মিনিটের মাথায় বক্সের কিছুটা বাইরে পর্তুগালের ১৮ নম্বর জার্সির নেটোকে চার্জ করেন উজবেকিস্তানের প্লেয়ার ওডিলজন। রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান। স্বাভাবিকভাবেই ফ্রি-কিক পায় পর্তুগাল। শট করেন ২৫ নম্বর জার্সিধারী নুনো মেন্ডিজ। উজবেকিস্তানের গোলরক্ষক নেমাতোভ কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যায়। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। ২৮ মিনিটে উজবেক প্লেয়ার আজিজ দুর্দান্ত শট করে গোল করলেও তা বাতিল হয়। ৩৮ মিনিটে ফের গোল করেন রোনাল্ডো। তার সুবাদে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় পর্তুগীজরা। প্রথমার্ধ্বে ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। এই সময়ের ৫ মিনিটের মাথায় ফের গোলের মুখ খোলার চেষ্টা করেন সিআর সেভেন। কিন্তু লাভ হয়নি। রেফারির হুইসেলে শেষ হয় প্রথম হাফ। প্রথমার্ধ্বের খেলা শেষে ৬৪ শতাংশ বল পজেশন ছিল পর্তুগীজদেরই দখলে।



