Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বোর্ড কর্তাদের কাছে নালিশ রোহিত শর্মার

রোহিত শর্মা বোর্ড কর্তাদের কাছে নিজের ভবিষ্যৎ নিয়ে নালিশ করেছেন। ২০২৭ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন তিনি। বিস্তারিত পড়ুন।

বোর্ড কর্তাদের কাছে নালিশ রোহিত শর্মার
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: রবিবার লর্ডসেই কি শেষবার টিম ইন্ডিয়ার নীল রঙের জার্সি গায়ে চাপাবেন রোহিত শর্মা? এমন জল্পনাই ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। শোনা যাচ্ছে, অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা নাকি তেমন বার্তাই দিয়েছেন হিটম্যানকে। বলা হয়েছে, ২০২৭ ওডিআই বিশ্বকাপের ভারতীয় দলে রোহিতকে ওপেনার হিসেবে একেবারেই ভাবা হচ্ছে না। বরং যশস্বী জয়সওয়ালের মতো তরুণ তুর্কিকে সুযোগ দিতে চাইছেন তাঁরা। তবে রাতে সব জল্পনায় ইতি টানলেন বোর্ড সচিব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোহিত এখনও দলের অন্যতম ভরসা। হিটম্যানের ম্যাচ দেখতে লন্ডনে হাজির তাঁর বাবা-মা। 

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে চেনা মেজাজে দেখা যায়নি রোহিতকে। বৃহস্পতিবার কার্ডিফে ৪৭ বলে ২৬ করার পথে বারবার অস্বস্তিতে পড়েছেন। এই আবহেই চর্চায় তাঁর ভবিষ্যৎ। কাহিনিতে মোচড়ও রয়েছে। রোহিতের নাকি একেবারেই পছন্দ হয়নি তাঁকে নিয়ে এমন জল্পনা। বোর্ডের শীর্ষকর্তাদের ফোন করে নিজের আপত্তি-অভিযোগের কথা জানিয়েছেন। বলেছেন, পরের বছরের ওডিআই বিশ্বকাপে খেলা তাঁর স্বপ্ন। সেজন্য ফিটনেস নিয়েও খাটছেন। 
এদিকে, প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাটের সম্পর্ক নিয়েও চর্চা চরমে। দু’জনের কথাবার্তা নেই বলেই শোনা যাচ্ছে। যদিও তা অস্বীকার করেছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁর মতে, বৃহস্পতিবারই কোচ ও ভিকের মধ্যে অন্তত দশবার কথা হয়েছে। কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন হয়নি। কোটাক অবশ্য পাশে দাঁড়িয়েছেন রোহিতেরও। বলেছেন, ইংল্যান্ডে দুই ম্যাচে তিনি রান না পেলেও টিম ম্যানেজমেন্ট তা নিয়ে চিন্তিত নয়। লর্ডসে সিরিজের শেষ ম্যাচেই হয়তো হিটম্যান সেরা ছন্দে ফিরবেন, আশাবাদী তিনি। পরের বছরের বিশ্বকাপের আগে তাতে আত্মবিশ্বাস বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ