Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ধোঁয়াশা রোহিত শর্মাকে নিয়ে, বেঙ্গালুরুতে ফিটনেসের পরীক্ষা দেবেন হার্দিক

বেঙ্গালুরুতে হার্দিক পান্ডিয়ার ফিটনেস পরীক্ষা শুরু হবে। রোহিত শর্মার আগমন নিয়ে ধোঁয়াশা। জানুন কেন এই খবর গুরুত্বপূর্ণ।

ধোঁয়াশা রোহিত শর্মাকে নিয়ে, বেঙ্গালুরুতে ফিটনেসের পরীক্ষা দেবেন হার্দিক
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

বেঙ্গালুরু: গত বছর মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতের জার্সিতে ওডিআই খেলতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। পরের বছর ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। তার আগে সপ্তাহখানেক বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন তিনি। মঙ্গলবার রাতের মধ্যে তাঁর সেখানে পৌঁছে যাওয়ার কথাও। ফিটনেস পরীক্ষায় তিনি সবুজ সংকেত পাওয়ার পরই স্কোয়াডে যোগ দিতে পারবেন। 

Advertisement

হার্দিকের মতো রোহিত শর্মারও বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে আসার কথা। আইপিএলের মাঝপথে চোটের জন্য পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে হিটম্যান ঠিক কবে আসবেন তা পরিষ্কার নয়। হার্দিকের ফিটনেস ড্রিল অবশ্য বুধবারই শুরু হওয়ার কথা। উল্লেখ্য, পিঠের চোটের জন্য আইপিএলে তিনটি ম্যাচ খেলতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। তার আগে ভাইরাল ফিভারের জন্যও মিস হয় ম্যাচ। তবে মুম্বইয়ের শেষ দু’টি ম্যাচ খেলেন হার্দিক। তবে পঞ্চাশ ওভারের ক্রিকেটের ধকল নেওয়ার জায়গায় তিনি রয়েছেন কি না তা যাচাই করে দেখবে বোর্ডের মেডিকেল টিম। তারা হার্দিকের ফিটনেস নিয়ে সন্তুষ্ট হলেই আফগানদের বিরুদ্ধে খেলবেন তিনি। 
রোহিতের সমস্যা আবার হ্যামস্ট্রিংয়ে। আইপিএলে যে ম্যাচগুলি তিনি খেলেছেন, সেগুলিতে ফিল্ডিং পর্যন্ত করেননি। ‘রো-কো’ জুটিকে ফের দেখতে পাওয়া নিয়ে তাই যতই উন্মাদনা থাক, ছবিটা পরিষ্কার নয়। রোহিত ফিট না থাকলে এই সিরিজে প্রথম এগারোয় আসতে পারেন ঈশান কিষান। স্কোয়াডে আছেনও তিনি।

সম্পর্কিত সংবাদ