বার্সেলোনা: প্রথম দু’টি প্রস্তাব আগেই নাকচ হয়েছিল। তবে রড্রিকে দলে পেতে বার্সেলোনাও ছিল নাছোড়বান্দা। অবশেষে কাতালন ক্লাবটির তৃতীয় প্রস্তাবে রাজি হয়ে স্প্যানিশ মিডিওকে রিলিজ করতে রাজি হল ম্যাঞ্চেস্টার সিটি। ৭৬.৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪৮ কোটি টাকা) ট্রান্সফার ফি’র বিনিময়ে চার বছরের চুক্তিতে বার্সার জার্সি গায়ে চাপাতে চলেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা মিডিও। মঙ্গলবারই হতে পারে তাঁর মেডিকেল। তারপর বুধবার হুয়ান গাম্পার ট্রফির খেতাবি লড়াইয়ের আগে ক্যাম্প ন্যুয়ে আনুষ্ঠানিক ভাবে বার্সেলোনার জার্সি তুলে দেওয়া হবে রড্রি হাতে। সূত্রের খবর, কাতালন ক্লাবটিতে পছন্দের ১৬ নম্বর জার্সি গায়ে চাপাবেন তিনি।
মার্কিন মুলুকে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। এই খেতাব জয়ের পিছনে অন্যতম মুখ্য ভূমিকা গ্রহণ করেন রড্রি। টুর্নামেন্টের সেরা ফুটবলারও নির্বাচিত হন তিনি। দেশের জার্সিতে দুরন্ত এই পারফরম্যান্সের পরই ক্লাব ফুটবলে তাঁকে নিয়ে ওঠে ঝড়। রড্রিকে দলে পেতে সবার আগে আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। ম্যান সিটিকে ৫০ মিলিয়নের প্রস্তাব দেয় তারা। তবে তা ফিরিয়ে দেয় ইংল্যান্ডের ক্লাবটি। এরপরই আসরে নামে বার্সা। তবে কাতালন ক্লাবটির জোড়া প্রস্তাব ফেরায় সিটি। রড্রি অবশ্য রিয়াল নয়, বার্সেলোনায় যোগ দেওয়ার ব্যাপারে ইচ্ছেপ্রকাশ করেন। এমনকি, রবিবার কমিউনিটি শিল্ড ফাইনালেও তিনি দলের সঙ্গে যোগ দেননি। তাই সোমবার তৃতীয়বারের জন্য বার্সার তরফ থেকে সিটির সঙ্গে যোগাযোগ করা হলে, তারা রড্রিকে ছাড়তে রাজি হয়। আপাতত ২০৩০ সাল পর্যন্ত বার্সার জার্সি গায়ে চাপাবেন ৩০ বছর বয়সি তারকা মিডিও।