Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

একাধিক নয়, ভবিষ্যতে একটি ছিদ্র দিয়েই রোবটিক অপারেশন!

রোবটিক অপারেশনে একটি ছিদ্র দিয়েই সার্জারি সম্ভব হবে। নতুন প্রযুক্তির ফলে রোগীদের জন্য সুবিধা বাড়বে। বিস্তারিত জানুন।

একাধিক নয়, ভবিষ্যতে একটি ছিদ্র দিয়েই রোবটিক অপারেশন!
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোবটের আঙুলে চলে এসেছে সাপের মতো অভিনব যন্ত্র। স্থিতিস্থাপক হবে সেই যন্ত্র। আশা করা যাচ্ছে, আগামী দু’ বছরের মধ্যে তা চলে আসবে দেশে। তখন আর অপারেশনের সময় রোগীর শরীরে ৪-৫টি ফুটো করার প্রয়োজন পড়বে না। একটি ছিদ্র করেই সার্জারি করা যাবে। শুক্রবার শহরে আয়োজিত রোবটিক ইউরোসার্জনদের এক সম্মেলনে একথা জানালেন বিশিষ্ট রোবটিক ইউরোসার্জন ডাঃ তরুণ জিন্দল। ‘রোবটিক ইউরোলজি উইথ ফোকাস অন ইনোভেশন’ শীর্ষক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনশোরও বেশি রোবটিক ইউরোসার্জন। তিনি বলেন, বর্তমানে প্রস্টেট, ব্লাডার, কিডনির ক্যান্সার থেকে শুরু করে স্টোন, মূত্রথলির অপারেশনের মতো ইউরোলজির নানা অস্ত্রোপচারে রোবটিক সার্জারি করলে ৪-৫টি ফুটো করতে হয়। দুই সেমি ফুটো দিয়ে রোবটের আঙুলগুলি শরীরে প্রবেশ করে। আসলে রোবটিক আঙুলগুলি স্থিতিস্থাপক না হওয়াতেই এতগুলি ছিদ্র করতে হয়। ইউরোসার্জনরা জানান, নতুন স্থিতিস্থাপক যন্ত্র চলে আসায় প্রথম বিশ্বের বহু দেশে এখন সিঙ্গল পোর্ট বা একটি ছিদ্র করেই নিমেষে কাজ করা যাচ্ছে। তা দিয়েই সাপের মতো আঁকাবাঁকা যন্ত্র শরীরে প্রবেশ করছে। দ্রুত নিখুঁত অপারেশন শেষ করছে। রোবটিক সার্জনরা এও জানিয়েছেন, আর বেশিদিন দেরি নেই, যখন প্রশিক্ষিত এআই নিয়ন্ত্রিত রোবটরা চিকিৎসকদের সাহায্য ছাড়া নিজেরাই অপারেশন করবে। অবশ্য যে কোনো ধরনের বিপর্যয় সামলাতে ব্যাক আপ টিমে প্রশিক্ষিত চিকিৎসকরা থাকবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ