সংবাদদাতা, রামপুরহাট: রাজ্য সড়কে বড়সড় ডাকাতির ছক বানচাল করল মল্লারপুর থানার পুলিস। তিনজনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল তারা। ধৃতদের মধ্যে একজন বিজেপির বুথ কমিটির সদস্যের ছেলে বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ মল্লারপুর-সাঁইথিয়া রাস্তার কান্দিয়ারা ব্রিজের উপর থেকে ডাকাত দলটিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি চাকু, একটি ভোজালি, সাইকেলের চেন, নাইলনের দড়ি ও একটি লাঠি উদ্ধার হয়েছে। ধৃতদের মঙ্গলবার রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, অভিযুক্তদের ১৪দিনের জেল হেফাজত হয়েছে।
পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে মল্লারপুর-সাঁইথিয়া রোডে চলচলকারী যানবাহনে ডাকাতির প্রস্ততি নিয়ে কয়েকজন জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে বুধবার রাত দেড়টা নাগাদ কান্দিয়ারা ব্রিজ এলাকায় অভিযানে যায় পুলিসের একটি দল। তবে পুলিসকে দেখে সড়ক থেকে নেমে মাঠের রাস্তা ধরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। পুলিস পিছু ধাওয়া করে ডাকাত দলের তিন সদস্যকে ধরে ফেলতে সমর্থ হয়। বাকি দশ-বারোজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিস জানিয়েছে, ধৃতরা হল, শঙ্খ মণ্ডল, সোমনাথ দাস ও রথীন দাস। সোমনাথের গদাই দাস গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। যদিও তিনি পরাজিত হন। স্বাভাবিকভাবেই তাঁর ছেলে ডাকাতির চেষ্টার অভিযোগে ধরা পড়ায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। গদাই দাস নিজেকে বিজেপির বুথ কমিটির সদস্য দাবি করে বলেন, আমি বিজেপি করি বলেই ছেলেকে মিথ্যা কেসে ফাঁসানো হল। যদিও পুলিসের দাবি, সোমবার রাতে ওই তিনজনকে হাতেনাতে ধরা হয়।