Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শালিমার স্টেশন চত্বরে ছিনতাই, তেলকল ঘাটে সুতলি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নির্বাচনী আচরণবিধি জারির পর রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও হাওড়া শহরে দুষ্কৃতীমূলক কার্যকলাপে লাগাম টানা যাচ্ছে না

শালিমার স্টেশন চত্বরে ছিনতাই, তেলকল ঘাটে সুতলি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
  • ৩১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্বাচনী আচরণবিধি জারির পর রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও হাওড়া শহরে দুষ্কৃতীমূলক কার্যকলাপে লাগাম টানা যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর টহল ও বাড়তি পুলিশি নজরদারির মাঝেই রবিবার পরপর দু’টি ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা।

Advertisement

ভোরে শালিমার স্টেশন চত্বরে এক তরুণী মডেল-অভিনেত্রী ছিনতাইয়ের অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে ট্রেনে করে আসার পর স্টেশনের পার্কিং এলাকায় ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণী। সেই সময় আচমকা মোটরবাইকে চেপে আসা এক দুষ্কৃতী তাঁদের মধ্যে একজনের হাত থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ভরতি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আক্রান্ত তরুণী স্বাগতা মুখোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা এবং পেশায় মডেল-অভিনেত্রী। অভিযোগ, ট্রেন থেকে নামার পর এক দুষ্কৃতী তাঁদের অনুসরণ করছিল বলে অভিযোগ। পরে পার্কিং এলাকায় আরও এক সহযোগীর সাহায্যে পরিকল্পনা মতো ছিনতাই চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত সিসি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে। ফুটেজে দুষ্কৃতীদের গতিবিধি স্পষ্ট দেখা গিয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসাবে কাজ করছে। ছিনতাইয়ের পর দুষ্কৃতীকে ধাওয়া করলেও বাইকে চেপে পালিয়ে যায় সে। পরে রেল পুলিশের পক্ষ থেকে ওই তরুণীকে  বি গার্ডেন থানায় পাঠানো হলে সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগে বালি এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান, সেই বাইক ব্যবহার করেই এই ছিনতাই করা হয়েছে। ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে। অন্যদিকে, রবিবার রাতে হাওড়ার গঙ্গাপাড়ের তেলকলঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছে তিনটি তাজা সুতলি বোমা। পুলিশ সূত্রে খবর, কোনো অপরাধমূলক উদ্দেশ্যেই সেগুলি সেখানে মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করেছে পুলিশ। একই দিনে শহরের দুই প্রান্তে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকাতেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ