নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে পূর্ব ভারতের অংশীদারিত্ব আরও বৃদ্ধি করতে হবে। বছর কয়েক আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে এই বক্তব্য শোনা গিয়েছিল। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে শিল্প-বিনিয়োগের পথ আরও সুগম করতে কেন্দ্রীয় সরকার ‘লুক ইস্ট’ নীতি কার্যকর করেছে। সেই সূত্রে আগামী মে মাসে দিল্লিতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে নিয়ে ‘ইনভেস্টমেন্ট সামিট’ আয়োজিত হবে। সংশ্লিষ্ট রাজ্যগুলির জন্য লগ্নি টানতে শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রক কলকাতায় বিশেষ রোড-শো আয়োজন করে। রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে শহরের এক অভিজাত হোটেল এক অনুষ্ঠানের আয়োজন হয়। কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত বলেন, কলকাতা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। অবস্থান ও কৌশলগত বিবিধ কারণে বাংলার রাজধানী শহর দেশের এই অংশকে সামনের সারিতে তুলে আনতে বিশেষ ভূমিকা নিতে পারে। সেই লক্ষ্যেই আমরা ঐতিহাসিক কলকাতায় রোড-শো করছি। শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মিনিস্টারের দাবি, এখনও পর্যন্ত আমাদের কাছে ৯৭ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। ইতিমধ্যেই ২০টি বিদেশি রাষ্ট্রের সঙ্গে লগ্নি সংক্রান্ত বিষয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা মিললে উত্তর-পূর্বের রাজ্যগুলি নয়া শিল্প স্থাপনের আদর্শ কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদী সুকান্তবাবু। -নিজস্ব চিত্র



