Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা-নিকাশি-নয়ানজুলি সংস্কার অসম্পূর্ণ, ভোগান্তি

রাস্তা, নিকাশি নালা ও নয়ানজুলি সংস্কারের কাজ হাতে নিয়েছিল ডানকুনি পুরসভা। কিন্তু কোনো কাজই শেষ করে উঠতে পারেনি বলে অভিযোগ।

রাস্তা-নিকাশি-নয়ানজুলি  সংস্কার অসম্পূর্ণ, ভোগান্তি
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাস্তা, নিকাশি নালা ও নয়ানজুলি সংস্কারের কাজ হাতে নিয়েছিল ডানকুনি পুরসভা। কিন্তু কোনো কাজই শেষ করে উঠতে পারেনি বলে অভিযোগ। এর ফলে ভোগান্তি হচ্ছে নাগরিকদের। অধিকাংশ কাজই পুরোপুরি শেষ না হওয়ায় রাস্তা দিয়ে চলাচল করতে যেমন সমস্যা হচ্ছে তেমনই নিকাশির হাল খারাপ বলে জমছে জল। 

Advertisement

যদিও পুরকর্তাদের দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ওই সব কাজ শুরু হয়েছিল। কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তার ফলেই কাজ শেষ করা সম্ভব হয়নি। তারপর বর্ষা এসে যাওয়ায় কাজের ক্ষেত্রে বাড়তি সমস্যা তৈরি হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের পালটা বক্তব্য, ভোগান্তির দায় পুরসভার। পরিকল্পনাহীন কাজের জেরে পুরসভার ২১টি ওয়ার্ডের বাসিন্দাদের ভুগতে হচ্ছে। 
অন্যদিকে পুর চেয়ারম্যান হাসিনা শবনম বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মানুষের দাবি অনুযায়ী একাধিক কাজ হাতে নেওয়া হয়েছিল। কোথাও রাস্তা সংস্কার, কোথাও নিকাশি নালা নতুন করে তৈরি বা সংস্কারের কাজ শুরু হয়েছিল। বর্তমানে টাকার অভাবে সে সব কাজ থমকে। নাগরিকদের যে সমস্যা হচ্ছে তা বাস্তব। কিন্তু আমাদের কাছে টাকা না থাকলে কাজ কিভাবে করব? কোথাও কোথাও ঠিকাদারকে অনুরোধ করে কিছু কাজ করিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু সবক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। ডানকুনির বিজেপি নেতা দেবাশিস মুখোপাধ্যায় যদিও বলেন, নাগরিকদের নামে প্রকল্প চালিয়ে দেওয়া হলেও সবক্ষেত্রে নাগরিকদের মতামত নেওয়া হয়নি। ডানকুনি পুরসভা বরাবরই উন্নয়নের নামে নিজেদের তহবিল মজবুত করার কাজ করেছে। এবারও তাদের সরকার থাকবে ভেবে কাজের থেকে তছরুপের পরিকল্পনা বেশি করেছিল। সেই কারণেই এখন টাকার অভাবের অজুহাত খাড়া করতে হচ্ছে। ডানকুনিতে নাগরিক পরিষেবার দীর্ঘদিনের বেহাল দশা। বর্তমান পুরবোর্ড সেই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। এমনি঩তেই ডানকুনিতে জল জমে এবার নিকাশি নালাগুলির কাজ শেষ না করায় সেই সমস্যা আরও বেড়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরসভার ওয়ার্ড পিছু একগুচ্ছ করে কাজ শুরু হয়েছিল। রাস্তা, নিকাশি নালার সঙ্গে আলোর ব্যবস্থা এবং নয়ানজুলি সংস্কারের কাজও শুরু হয়েছিল। কিন্তু সেই কাজের কোনোটাই শেষ হয়নি। ফলে অর্ধসমাপ্ত, অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা রাস্তা, নিকাশি নালা নিয়ে নাগরিকদের সমস্যায় পড়তে হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ