Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রনজিতে দিল্লির হয়ে নামছেন বিরাট

রনজিতে দিল্লির হয়ে নামছেন বিরাট
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: আকর্ষণের কেন্দ্রে যথারীতি বিরাট কোহলি। বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির রনজি ট্রফির ম্যাচে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে তাঁর দিকেই। হোমটিম যদি প্রথমে ব্যাট করে তবে নিশ্চিতভাবেই কোহলির কাছে বড় রানের আশায় মাঠমুখী হবেন ভক্তরা। আধার কার্ড ও তার জেরক্স আনলেই বিনামূল্যে মাঠে প্রবেশ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। দিল্লি ক্রিকেট সংস্থার আশা, কোহলিকে দেখতে ১০ হাজার দর্শক আসবেন কোটলায়।
Advertisement
এক যুগেরও বেশি সময় পর রনজিতে নামতে চলেছেন মহারথী। অস্ট্রেলিয়া সফরে যতই অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে বার বার আউট হোন না কেন, যতই তাঁর কেরিয়ার ঘিরে অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে আসুক, কোহলির জনপ্রিয়তা কমেনি একটুও। বিপক্ষ ক্রিকেটারদেরও দেখা গিয়েছে তাঁর সঙ্গে সেলফি নেওয়ার হিড়িকে শামিল হতে। কোহলির খেলা নিয়ে এতটাই উন্মাদনা তৈরি হয়েছে যে, পূর্ব সিদ্ধান্ত বদলে এই ম্যাচ সরাসরি দেখাতে চলেছে সম্প্রচারকারী সংস্থা। ঠিক হয়েছে, জিও সিনেমায় লাইভ স্ট্রিমিং হবে ম্যাচের। স্পোর্টস-১৮ চ্যানেলেও সরাসরি দেখা যাবে খেলা। 
কোহলির কাছে এই ম্যাচ নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মঞ্চ। লাল বলে চারদিনের এই ম্যাচের সঙ্গে যদিও পঞ্চাশ ওভারের আসরের তুলনা চলে না। তবে চার নম্বরে নেমে রান করলে অবধারিত ভাবেই মনোবল বাড়বে। বিরাট দারুণভাবে মিশেও গিয়েছেন দিল্লি দলের সঙ্গে। তবে জুনিয়ররা চাইলেও কিটব্যাগ বইতে দেননি কাউকে। বলেছেন, এটা আমার খেলার ব্যাগ, নিজেই টেনে নিয়ে যাব ড্রেসিং-রুমে। তারকা হয়েও ভিকে’র নিরহঙ্কার আচরণের প্রশংসা করেছেন দিল্লির ম্যানেজার।
রনজির অপর ম্যাচে কর্ণাটকের হয়ে খেলবেন লোকেশ রাহুল। চিন্নাস্বামী স্টেডিয়ামে হরিয়ানার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সম্ভবত তিন নম্বরে নামবেন তিনি। কোহলির মতো রাহুলও ডনের দেশ থেকে ফেরার পর এই প্রথম প্রতিযোগিতামূলক আসরে নামবেন। বুধবার তাঁকে প্রায় ৪০ মিনিট ব্যাট করতে দেখা গেল নেটে। এদিকে, বৃহস্পতিবার রনজিতে নামতে চলেছেন বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবও। ইন্দোরে উত্তরপ্রদেশের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এই ম্যাচ হতে চলেছে তাঁর ফিটনেসের পরীক্ষাও। উল্লেখ্য, অক্টোবরের পর চোটের জন্য মাঠের বাইরেই থাকতে হয়েছিল কুলদীপকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ