নয়াদিল্লি: দীর্ঘ ১৩ বছর পর রনজি ট্রফিতে খেললেন বিরাট কোহলি। সুপারস্টারকে দেখতে হাউসফুল ছিল ফিরোজ শাহ কোটলা। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ৬ রানেই আউট তিনি। অনুরাগীদের মন ভরানোর আর সুযোগ পেলেন না ভিকে। কারণ দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি তাঁকে। শনিবার রেলওয়েজকে ইনিংস ও ১৯ রানে বশ মানিয়েছে দিল্লি। প্রথম ইনিংসে প্রতিপক্ষের ২৪১ রানের জবাবে কোহলিরা তোলেন ৩৭৪। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় রেলওয়েজ।
Advertisement
বিরাটকে ঘিরে শনিবারও কোটলায় উন্মাদনার কমতি ছিল না। নিরাপত্তা নিশ্চিত করতে এদিন বিষাণ সিং বেদি স্ট্যান্ড বন্ধ রেখেছিল আয়োজক ডিডিসিএ। তবুও প্রিয় তারকার সান্নিধ্য পেতে ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন তিনজন অনুরাগী। প্রথম দিনও বিরাটের কাছে পৌঁছে গিয়েছিল এক ভক্ত। বারবার এমন ঘটনার জেরে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে দিল্লির অফ স্পিনার শুভম শর্মা বলেন, ‘বিরাট ভাই কিংবদন্তি। ওকে একবার ছোঁয়ার জন্য এত ঝুঁকি নিয়েও মাঠে ঢুকে পড়ছে অনুরাগীরা। তবে নিরাপত্তারক্ষীদের বিরাট ভাই বলে, ওদের গায়ে যেন হাত না দেওয়া হয়।’
রনজির অন্য ম্যাচে, মেঘালয়কে ইনিংস ও ৪৫৬ রানে হারিয়েছে মুম্বই। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা শার্দূল ঠাকুর। এছাড়া তামিলনাড়ুকে ৪৪ রানে বশ মানিয়েছে ঝাড়খণ্ড।



