মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেও লড়াইয়ের ময়দান ছাড়তে রাজি নন যশস্বী জয়সওয়াল। রাজকীয় প্রত্যাবর্তনের পথ তৈরি করতে ফের রনজি ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিদর্ভের বিরুদ্ধে সেমি-ফাইনালে মুম্বই স্কোয়াডে রাখা হয়েছে এই বাঁ হাতি ওপেনারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন যশস্বী। তবে সেটা কাজে লাগাতে পারেননি। তার পরেই ঘোষণা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তিত স্কোয়াড। সেখানে জায়গা পাননি যশস্বী, যা নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিষ্ময় প্রকাশ করেছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় কিছুটা ব্যতিক্রমী ছিলেন যশস্বী। তার পুরস্কার হিসেবে ওয়ান ডে দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে অভিষেক ম্যাচে মাত্র ১৫ রান করেন। তা দেখেই টিম ম্যানেজমেন্টের মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁ হাতি ওপেনারকে নিয়ে গিয়ে খুব একটা লাভ হবে না। তবে শুধু লাল বল নয়, সাদা বলেও ঝোড়ো ব্যাটিংয়ের সুনাম রয়েছে যশস্বীর। আগামী দিনে তিন ফরম্যাটেই দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করাই তাঁর লক্ষ্য। তাই ভুলভ্রান্তি শুধরে নেওয়ার জন্য রনজি ট্রফির মঞ্চকেই তিনি বেছে নিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।



