Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

রক্ষণাত্মক নেতৃত্ব, নিশানায় রোহিত  

রক্ষণাত্মক নেতৃত্ব, নিশানায় রোহিত
 
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ব্রিসবেন: গাব্বা টেস্টে অস্ট্রেলিয়া চারশোর গণ্ডি টপকে গিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে দাপট  দেখাচ্ছে প্যাট কামিন্সের দল। রবিবার ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ জুটির সামনে ভারতকে দিশাহারা দেখিয়েছে। যশপ্রীত বুমরাহ বাদে বাকি বোলারদের ব্যর্থতাই এর অন্যতম কারণ। পাশাপাশি, অধিনায়ক রোহিত শর্মার রক্ষণাত্মক নেতৃত্বকেও দায়ী করছে ক্রিকেট মহল। 
Advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য টানা তিনটি টেস্ট হেরেছে হিটম্যানের দল। অ্যাডিলেডে গোলাপি টেস্টেও ব্যর্থতা সঙ্গী তাঁর। আর গাব্বা টেস্টের যা গতিপ্রকৃতি তাতে ভালো ব্যাটিং না করলে হারের খাঁড়া মাথার উপর নেমে আসবে। সেক্ষেত্রে তাঁকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা উচিত হবে বলে মত ক্রিকেটপ্রেমীদের একাংশের। ট্রাভিস হেডের বিরুদ্ধে ভারতের পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন উঠছে। লং অফ, লং অন, ডিপ পয়েন্ট, ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট নিয়ে ট্রাভিসকে কেন বল করেছেন রবীন্দ্র জাদেজা, চলছে চর্চা। এত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে টেস্ট জেতা সম্ভব নয়, মন্তব্য অনেকেরই।
শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, প্রাক্তন ক্রিকেটারদের নিশানাতেও রয়েছেন রোহিত। মাইকেল ভন যেমন বলেছেন, ‘কোনও একটা স্ট্র্যাটেজিতে বেশিক্ষণ আস্থা রাখতে পারেনি ভারত। শুরুতেই কেন বাউন্সের মাধ্যমে আউটের চেষ্টা করা হল না ট্রাভিসকে? কেন অফ সাইড বোঝাই করে অফস্টাম্প থেকে দূরে দূরে বোলিংয়ের চেষ্টা হল না?’ প্রাক্তন জাতীয় কোচ রবি শাস্ত্রীর কথায়, ‘উইকেটের একটা দিকেই বল করতে হবে। দু’দিকেই বল ফেললে চলে না।’ ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল অবশ্য স্বীকার করেছেন যে, অজি ইনিংসের ৫০ থেকে ৮০ ওভারের মধ্যে একেবারেই ছন্দহীন দেখিয়েছে বোলারদের। কিন্তু নতুন বলেও তো বুমরাহ ছাড়া কেউ সফল নন!
সম্পর্কিত সংবাদ