Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থানে সাতপাকে বাঁধা পড়লেন সিন্ধু-বেঙ্কট, শুরু হল জীবনের নয়া ইনিংস

রাজস্থানে সাতপাকে বাঁধা পড়লেন সিন্ধু-বেঙ্কট, শুরু হল জীবনের নয়া ইনিংস
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
যোধপুর, ২৩ ডিসেম্বর: চারহাত এক হল ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং বেঙ্কট দত্ত সাঁইয়ের। গতকাল অর্থাৎ রবিবার যোধপুরে বসেছিল বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে রাজস্থানের যোধপুরে বসেছিল চাঁদের হাট। গান-বাজনা, খাওয়া-দাওয়া সব মিলিয়ে ছিল জমজমাট ব্যাপার। সাজসজ্জাও ছিল বেশ জমকালো। রাজস্থানের ট্রাডিশন মেনে দুর্দান্ত সুন্দর পোশাকে সেজেছিলেন ওলিম্পিক্স পদকজয়ী শাটলার। গত ২০ ডিসেম্বর থেকে পিভি সিন্ধুর বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়েছিল। ওইদিন ছিল সঙ্গীতের অনুষ্ঠান। হলদি এবং মেহেন্দির পর গতকাল সাতপাকে বাঁধা পড়েন সিন্ধু এবং বেঙ্কট। তেলুগু রীতি মেনেই সম্পন্ন হয়েছে বিয়ের যাবতীয় প্রথা। এরপর আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রয়েছে গ্র্যান্ড রিশেপসন। সেখানেও বসবে চাঁদের হাট। খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট মানুষজন।
Advertisement
বিয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনুষ্ঠানে আত্মীয়, পারিবারিক বন্ধুরা ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিল কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নামও। অনুষ্ঠানের পর এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ব্যাডমিন্টন কিংবদন্তি পিভি সিন্ধু এবং বেঙ্কট দত্ত সাঁইয়ের বিয়েতে আসতে পেরে আমি অত্যন্ত খুশি। নবদম্পতিকে আগামী দিনের জন্য আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছি। লেখার পাশাপাশি বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সিন্ধু-বেঙ্কটের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। পরে সিন্ধু নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মারফৎ অনুরাগীদের যাবতীয় আপডেট দিয়েছিলেন। জানা গিয়েছিল, পিভি সিন্ধুর স্বামী বেঙ্কট দত্ত সাঁই হায়দরাবাদে থাকেন। তিনি একটি সংস্থায় উঁচু পদে কর্মরত। অন্যদিকে, ২৪ তারিখ বিয়ের রিশেপসনের পরই ফের প্রশিক্ষণ শুরু করে দেবেন ভারতীয় শাটলার। জানা যাচ্ছে, আগামী বছরই একাধিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সম্পর্কিত সংবাদ