Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

রাজকীয় সংবর্ধনায় আপ্লুত গুকেশ

রাজকীয় সংবর্ধনায় আপ্লুত গুকেশ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
চেন্নাই: সোমবার সকাল থেকেই চেন্নাই এয়ারপোর্টে সাজ সাজ রব। বিমানবন্দর চত্বর ছেয়ে গিয়েছে গুকেশ ডোম্মারাজুর বড় বড় হোর্ডিং ও ব্যানারে। গোলাপের পেল্লাই মালা ও প্ল্যাকার্ড হাতে হাজির কয়েকশো স্কুল পড়ুয়া। সাধারণ অনুরাগীদের ভিড় তো রয়েইছে। লাউঞ্জের কাচের গেট দিয়ে কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়নকে বেরিয়ে আসতে দেখেই বাঁধ ভাঙল আবেগের জোয়ার। ‘গুকেশ, গুকেশ’ ধ্বনিতে কেঁপে উঠল এয়ারপোর্ট চত্বর। পুষ্পবৃষ্টিতে বিশ্বজয়ী ঘরের ছেলেকে বরণ করলেন ছোটবেলার দাবা স্কুলের প্রশিক্ষক ও সাই তামিলনাড়ুর কর্তারা। পাশে তখন গর্বিত বাবা-মা। নায়কের সঙ্গে একটি সেলফি তোলা কিংবা অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যাকুল অনুরাগীরা। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিসকে। প্রবল উচ্ছ্বাসের ঢেউ সামলে কোনওক্রমে বিশেষভাবে সাজানো গাড়িতে উঠলেন গুকেশ। রওনা হলেন বাড়ির উদ্দেশে।
Advertisement
দুপুরে হাজির হলেন স্কুলের আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানেও ফুলের মালা ও মুকুট পরিয়ে বিশ্বচ্যাম্পিয়নকে অভিনন্দন জানানো হয়। এরপর সাংবাদিক সম্মেলনে গুকেশ বলেন, ‘মানুষের এমন ভালোবাসায় আমি আপ্লুত। দাবার বিশ্বখেতাব দেশে ফেরাতে পেরে দারুণ লাগছে।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘এই সাফল্যে আমি সন্তুষ্ট থাকতে চাই না। সর্বোচ্চ স্তরে দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়াই লক্ষ্য থাকবে।’ মঙ্গলবার তামিলনাড়ু সরকারের তরফে সংবর্ধনা জানানো হবে গুকেশকে। সেই মঞ্চে বিশ্বচ্যাম্পিয়নের হাতে পাঁচ কোটি টাকার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
সম্পর্কিত সংবাদ