নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নদী সম্পর্কে জেন-জি’র অংশীদারি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। নদী স্রেফ জলের স্রোতই নয়,একে কেন্দ্র করেই গড়ে উঠেছে সভ্যতা, সংস্কৃতিও। তা নিয়ে তরুণ প্রজন্ম, বিশেষত পড়ুয়াদের মধ্যে অনুভূতি তৈরির লক্ষ্যে আগামী ২৪-২৬ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘নদী উৎসব।’ আয়োজক সংস্থা সংস্কৃতি মন্ত্রকের ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস (আইজিএনসিএ) এর সদস্য সচিব সচ্চিদানন্দ জোশি সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, নদীকে ঘিরে সচেতনতা ও মানসিকতা পরিবর্তনের লক্ষ্যেই এই উৎসব। বিশেষত নতুন প্রজন্মের। এবার এই উৎসবের সপ্তম বর্ষ। থিম যুমনা।
তিন দিনব্যাপী উৎসবে নদী ও নদী-সংস্কৃতিকে কেন্দ্র করে চলচ্চিত্র উৎসব, ছবির প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেহেতু এবারের থিম যমুনা, তাই তার সংস্কার, সংস্কৃতি, সভ্যতার সঙ্গে জড়িয়ে থাকার বিষয় নিয়ে ২৬০ টি গবেষণাপত্র ইতিমধ্যেই আইজিএনসিএ’তে জমা পড়েছে। তার থেকে ২৪ টিকে নির্বাচন করে তার নির্যাস কেন্দ্র এবং রাজ্য সরকারকে দেওয়া হবে। যাতে যমুনা সম্পর্কে নীতি তৈরিতে কাজে লাগে। সচ্চিদানন্দ জোশি বলেন, দু তিনদিনের উৎসব করলেই নদী সম্পর্কে কোনো ক্রান্তিকারী পরিবর্তন হয়ে যাবে না, তা আমরা জানি। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে নদী সম্পর্কে অনুভূতি তৈরি করার একটা প্রয়াস করতে ক্ষতি কী? যদিও তরুণ প্রজন্মের মধ্যে যমুনা তথা দেশের সার্বিক নদী সম্পর্কে কী ধারণা, তার কোনো সমীক্ষা সরকারের নেই বলেই উল্লেখ করেন তিনি।