সংবাদদাতা, বনগাঁ: মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। বনগাঁ উত্তর বিধানসভায় দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকেই প্রার্থী করেছে ঘাসফুল শিবির। অন্যদিকে বনগাঁ দক্ষিণ বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে বনগাঁ পুরসভার কাউন্সিলার ঋতুপর্ণা আঢ্যকে। এই কেন্দ্রে নতুন মুখের উপর ভরসা রেখেছে দল। বাগদা থেকে লড়ছেন মধুপর্ণা ঠাকুর। গাইঘাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নরোত্তম বিশ্বাস। ২০১১ এবং ২০১৬ সালে বনগাঁ বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। ২০২১ সালে বিজেপি প্রার্থী হিসাবে বাগদা কেন্দ্র থেকে জয়ী হন তিনি। তবে কিছুদিন পর পুরানো দল তৃণমূল ফিরে আসেন এবং দলের সাংগঠনিক জেলার সভাপতি হন। এবার পুনরায় পুরানো কেন্দ্র বনগাঁ উত্তর থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন তিনি। এদিন প্রার্থী হিসাবে জেলা সভাপতির নাম ঘোষণা হতেই কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। শহরে মিছিল করেন তাঁরা। বিশ্বজিৎ দাস বলেন, আমার উপর আস্থা রাখায় দলের কাছে আমি কৃতজ্ঞ। ২০২৪ সালে বাগদা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এবারও দল তাঁর উপর আস্থা রেখেছে। দ্বিতীয়বারের জন্য বাগদা থেকে লড়ছেন তিনি। এদিন প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই আনন্দে মাতেন তৃণমূলের সমর্থকরা।



