Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ইন্দিরার ছবিতে ঋতুপর্ণা

বন্ধুত্বের কি বয়স হয়? দুই মধ্যবয়সি মহিলার বন্ধুত্ব সেসব হিসাব মানে না। তারা কেবল একে অপরকে জানে, চেনে। পরস্পরের সহযোগিতায় জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে চায় তারা।

ইন্দিরার ছবিতে ঋতুপর্ণা
  • ১৮ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

বন্ধুত্বের কি বয়স হয়? দুই মধ্যবয়সি মহিলার বন্ধুত্ব সেসব হিসাব মানে না। তারা কেবল একে অপরকে জানে, চেনে। পরস্পরের সহযোগিতায় জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে চায় তারা। সকল বাধা অতিক্রম করতে চায়। এই দুই মহিলার গল্পই পর্দায় তুলে ধরবেন পরিচালক ইন্দিরা ধর। সৌজন্যে ‘দ্য টেল অব টু ওমেন’। মুখ্য চরিত্রে রয়েছে চমক। একসঙ্গে কাজ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ছায়া কদম। দুই নামজাদা অভিনেত্রীকে কীভাবে রাজি করালেন পরিচালক? ফর্মুলা খোলসা করলেন ইন্দিরা, ‘আমি বরাবরই ধীরে ধীরে কাজ করায় বিশ্বাস করি। শ্যুটিংয়ের আগে প্রস্তুতির অনেকখানি সময় নিই। সে কারণে প্রত্যেকটি চরিত্র অভিনেতারা সহজেই আত্মস্থ করতে পারেন। এটাই আমার স্টাইল। ঋতুপর্ণা সেনগুপ্ত লেজেন্ড। সুপারস্টার। আর ছায়া কদমও অসাধারণ শিল্পী। ‘লাপাতা লেডিজ’, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’— এর মতো একাধিক ছবিতে ছায়ার অভিনয় দর্শক মহলে প্রশংসিত। ফলে দুই তারকাকে নিয়ে কাজ করা তো চ্যালেঞ্জিং বটেই। চিত্রনাট্য শুনেই দু’জনে রাজি হয়েছেন।’ এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন ইন্দিরা। সেখানে ইন্ডিয়ান প্যাভিলিয়নে ঘোষণা হয়েছে তাঁর ‘দ্য টেল অব টু ওমেন’ ছবির। এমন একটি আন্তর্জাতিক মঞ্চে ছবির ঘোষণা করতে পেরে আপ্লুত পরিচালক। তিনি জানালেন, তাঁর ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন গবেষণা করছেন। দেশে ফিরেই শ্যুটিং শুরু হবে। আর শ্যুটের লোকেশন? ইন্দিরা জানালেন, ছবির জন্য কয়েকটি জায়গা নির্ধারিত রয়েছে। মূলত কলকাতা ও মুম্বই জুড়ে শ্যুটিং হবে। অস্কার স্বীকৃত প্রযোজনা সংস্থা ইকা স্টুডিয়োজ-এর ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমা। মিউজিক ডিরেক্টর সায়ন গঙ্গোপাধ্যায়। 

Advertisement

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে এ বছর তৃতীয়বার পা রাখলেন বাঙালি পরিচালক ইন্দিরা। গত বছর কান চলচ্চিত্র উৎসবে লঞ্চ হয়েছিল তাঁর ‘ইকোস অব ভেলর’ ছবিটির। অভিনয়ে ছিলেন দিব্যা দত্ত ও নীরজ কবি। তার আগে ইন্দিরা পরিচালিত ‘পুতুল’ ছবিটি আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছিল। ছবির গান ‘ইতি মা’ অস্কারের ‘বেস্ট অরিজিনাল সং’ ও ‘বেস্ট অরিজিনাল স্কোর’ বিভাগের দৌড়ে ছিল। নজির গড়েছিলেন সুরকার সায়ন। ফের কানের মঞ্চে নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক।
শান্তনু দত্ত

সম্পর্কিত সংবাদ