নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় গেমসে ফের সোনা জিতল বাংলা। সোমবার শেষবেলায় যোগব্যায়ামে খেতাব ছিনিয়ে নেন ঋতু মন্ডল। থামানো যাচ্ছে না সৌবৃতি মণ্ডলকেও। সোমবার জাতীয় গেমসে মহিলাদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে রুপো জেতেন তিনি। চলতি গেমসে দুরন্ত পারফরম্যান্স করছেন এই সাঁতারু। এর আগে দু’টি সোনাও ছিনিয়ে নিয়েছেন সৌবৃতি। পাশাপাশি সাঁতারে ২০০ মিটার রিলেতে দল নামায়নি বাংলা। তা নিয়ে তীব্র বিতর্কও তৈরি হয়। জোর গুঞ্জন, অভ্যন্তরীণ কারণে বাতিল করা হয়েছে বাংলার রিলে টিমকে। কিন্তু অভিযোগ উড়িয়ে দেন কর্তারা। শেফ দ্য মিশন বিশ্বরূপ দে’র মন্তব্য, ‘ভিত্তিহীন অভিযোগ। ঠাসা সূচির মধ্যে সাঁতারুদের বিশ্রাম দিতেই দল নামানো হয়নি।’
Advertisement
এদিকে, মহিলাদের তিরন্দাজিতে ব্রোঞ্জ জয়ের সুযোগ বাংলার সামনে। বাসন্তী মাহাতো, রিমিল হেমব্রম, অদিতি জয়সওলারা তৈরি। মঙ্গলবার মহিলা ফুটবলের সেমি-ফাইনালে বাংলার প্রতিপক্ষ হরিয়ানা।



