Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জটিল সম্পর্ক নিয়ে বিবাদের জেরেই খুন রীতা! ধৃতকে বহিষ্কার করল তৃণমূল

জটিল সম্পর্ক নিয়ে বিরোধের জেরেই খুন রীতা গুপ্তা শাহ (৩৭)।

জটিল সম্পর্ক নিয়ে বিবাদের জেরেই খুন রীতা! ধৃতকে বহিষ্কার করল তৃণমূল
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: জটিল সম্পর্ক নিয়ে বিরোধের জেরেই খুন রীতা গুপ্তা শাহ (৩৭)। খুনের ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস নেতা রাজেশ গুপ্তাকে দু’দিন ধরে জেরা করে এমনই অনুমান করছে মাটিগাড়া থানার পুলিস। তাদের বক্তব্য, ধৃতের জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন স্বামী পরিত্যক্তা রীতা। তাঁর সঙ্গে রাজেশ ‘লিভ টুগেদার’ করলেও তাঁদের মধ্যে কোনও আইনি সম্পর্ক ছিল না। হাড় হিম করা ওই খুনের ঘটনায় ধৃতের নিকট আত্মীয় জড়িত রয়েছে বলেও পুলিসের সন্দেহ। এদিকে, বুধবার ধৃতকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। 

Advertisement

মাটিগাড়ায় সোনার দোকান রয়েছে ওই তৃণমূল নেতার। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নেতার দোকানে কাজ করতেন রীতা। তাঁর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নেতা। তিনি রীতাকে রানানগরে বাড়ি তৈরি করে দিয়েছিলেন। পরিবারের অমতে তিনি সপ্তাহে তিনদিন রীতার সঙ্গে থাকতেন। বাকি দিনগুলি তুম্বাজোতে প্রথমপক্ষের স্ত্রী ও সন্তাদের সঙ্গে থাকতেন। হোলি উৎসব খেলার পর রাজেশ আর রীতার কাছে ফিরে যাননি। সোমবার সন্ধ্যায় রাজেশের খোঁজে তুম্বাজোতে আসেন রীতা। রাজেশ বাড়িতে ছিলেন না। তখন রাজেশের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের সঙ্গে রীতার ঝামেলা বাঁধে। 
সেই অশান্তির খবর পেয়ে বাড়িতে আসেন রাজেশ। তিনিও ঝামেলায় জড়িয়ে পড়েন। এক-দু’কথায় তিনি উত্তেজিত হয়েই রীতাকে খুন করেন বলে অভিযোগ। এই ঘটনায় তাঁকে তাঁর এক নিকট আত্মীয় সহযোগিতা করেছে বলেই পুলিসের সন্দেহ। ধৃতের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানরা গ্রাম ছেড়ে পালিয়েছেন। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, সম্ভবত জটিল সম্পর্ক নিয়ে বিবাদের জেরেই ওই মহিলা খুন হয়েছেন বলে মনে হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। 
এদিকে, গ্রামে তৃণমূলের সক্রিয় নেতা হিসেবেই পরিচিত রাজেশ। তিনি তৃণমূল কিষান ও খেতমজুর কংগ্রেসের মাটিগাড়া-২ অঞ্চল কমিটির সভাপতি ছিলেন। চাঞ্চল্যকর ওই ঘটনার পর তাঁকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। দলের মাটিগাড়া-১ ব্লক কমিটির সভাপতি অভিজিৎ পাল বলেন, ওই খুনের ঘটনা নিন্দনীয়। দলের জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষের নির্দেশে অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ক্ষেত্রে আইন আইনের পথে চলবে। প্রসঙ্গত, সোমবার রাতে তুম্বাজোতে গলা কেটে, চোখ খুবলে রীতাকে খুন করা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ