নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সলপ মোড়ের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ও বাঁকড়াগামী রাস্তা এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার জেরে প্রতিদিনই ছোটো-বড়ো দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী ও নিত্যযাত্রীদের। তার সঙ্গে যোগ হয়েছে মোড়ের মুখে নিত্য যানজট। ফলে চরম ভোগান্তির মুখে পড়ছেন হাজার হাজার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। বিভিন্ন জায়গায় বড়ো বড়ো গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জল জমায় গর্তগুলি চোখে না পড়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে। প্রায় প্রতিদিনই টোটো উলটে যাওয়া, মোটরবাইক ও সাইকেল আরোহীদের দুর্ঘটনায় পড়ার ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের। অনেকেরই হাত-পা ভেঙেছে বলে অভিযোগ। চালকদের কথায়, সাবধানে গাড়ি চালালেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। ফলে টোটোয় উঠতেও ভয় পাচ্ছেন অনেক যাত্রী। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহনের গতি কমে যাচ্ছে এবং সলপ মোড়ে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকছে। জাতীয় সড়ক থেকে দাশনগরগামী যাত্রীবাহী বাস, লরি, টোটো ও অন্যান্য যানবাহনকে প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে।দুর্ঘটনা রুখতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই বড়ো বড়ো গর্তে ইট-পাথর ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তবে তাতে স্থায়ী সমাধান হয়নি। বরং প্রতিদিনই বাড়ছে ঝুঁকি। ব্যস্ততম এই রাস্তায় যে কোনো সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা পথচলতি মানুষ ও নিত্যযাত্রীদের। স্থানীয়দের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি রাস্তার এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও কেন মেরামতির উদ্যোগ নেওয়া হচ্ছে না? তাঁদের দাবি, দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে রাস্তা সংস্কারের ব্যবস্থা করুক। তা না হলে আগামী দিনে আরও বড়ো দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।