পাটনা: ‘সবাই ডায়াবেটিসে ভুগছে। তাই চিনির দামবৃদ্ধিতে খুব একটা প্রভাব পড়বে না।’ বক্তা বিহারের এনডিএ সরকারের মন্ত্রী শ্রবণ কুমার। সম্প্রতি চিনির অস্বাভাবিক দামবৃদ্ধি নিয়ে বিপাকে পড়েছে মোদি সরকার। বিদেশ থেকে চিনি আমদানির পরিকল্পনাও নেওয়া হয়েছে। ইতিমধ্যে ই ২০ পেট্রলের প্রসঙ্গ তুলে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধী দলগুলি সহ জনতাদের একাংশ। এই পরিস্থিতিতে খোদ মন্ত্রী মশাইয়ের এহেন মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিহারের গ্রামোন্নয়ন, তথ্য ও জনসংযোগমন্ত্রী শ্রবণ কুমার বলেন, ‘মানুষজন আজকাল খুব কম চিনি খায়। সবাই ডায়াবেটিসে ভুগছে। আমার মনে হয়, চিনির দামবৃদ্ধি কোনো প্রভাব ফেলবে না। অযথা চিন্তা করার কারণ নেই।’ দামবৃদ্ধিকে স্বাগত জানিয়ে বিহারের আর এক মন্ত্রী বিজয় কুমার সিনহার বক্তব্য, কৃষকদের উৎপাদিত পণ্যের দাম বেড়েছে। ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। বিহারে আগে চিনির দাম ছিল ৪৮-৫০ টাকা। এখন কেজি প্রতি দাম ৬৫ টাকারও বেশি। তারপরও মন্ত্রীদের এমন অদ্ভুত যুক্তিকে ঘিরে সমালোচনার ঝড়। নির্দল সাংসদ পাপ্পু যাদব বলেন, ‘গোবরে যতই ঘি মেশানো হোক, স্বাদ একই থাকবে। ওই মন্ত্রীদের থেকে আপনারা কী আশা করেন। চিনির দাম বাড়তেই ওরা ডায়াবেটিসের কথা বলছে। সবচেয়ে বড়ো ডায়াবেটিসের রোগী হল এই সরকার।’



