Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলে অগ্নিপরীক্ষার জন্য প্রস্তুত ঋষভ পন্থ, কমিয়েছেন শরীরের ওজন, ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাচ্ছেন নেটে

এক সময় ভারতীয় ক্রিকেটের ব্লু আয়েড বয় ছিলেন ঋষভ পন্থ। হয়ে উঠেছিলেন নেতৃত্বের দাবিদার। অথচ সেই ডাকাবুকো ক্রিকেটারই এখন ঘোর অস্তিত্ব সংকটে।

আইপিএলে অগ্নিপরীক্ষার জন্য প্রস্তুত ঋষভ পন্থ, কমিয়েছেন শরীরের ওজন, ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাচ্ছেন নেটে
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: এক সময় ভারতীয় ক্রিকেটের ব্লু আয়েড বয় ছিলেন ঋষভ পন্থ। হয়ে উঠেছিলেন নেতৃত্বের দাবিদার। অথচ সেই ডাকাবুকো ক্রিকেটারই এখন ঘোর অস্তিত্ব সংকটে। গৌতম গম্ভীরের জমানায় টলে গিয়েছে তাঁর পায়ের তলার মাটি। ভারতের একদিনের দলে থাকলেও প্রথম একাদশে জায়গা হয় না ২৮ বছরের কিপার ব্যাটসম্যানের। টি-২০ ফরম্যাটে তো ১৫ জনের দলেই ডাক পান না। টেস্ট ক্রিকেটেও তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন ধ্রুব জুরেল। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আইপিএলকেই পাখির চোখ করছেন পন্থ। ভুলত্রুটি শুধরে ফর্মে ফিরতে সম্প্রতি যুবরাজ সিংয়ের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। কয়েক কেজি কমিয়ে ফেলেছেন শরীরের ওজন। মৃত্যুঞ্জয়ী তারকা বুঝিয়েছেন, হারার আগে মঞ্চ ছাড়ার পাত্র তিনি নন। আসন্ন কোটিপতি লিগে সেই অদম্য মনোবলকে রসদ করেই নিজেকে নতুনভাবে প্রমাণ করতে মরিয়া।

Advertisement

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পন্থ। গত বছর প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেননি নিলামে রেকর্ড ২৭ কোটি টাকা দর পাওয়া বাঁ হাতি তারকা। তবুও তাঁর উপর আস্থা রেখেছে এলএসজি। স্বভাবতই এবার বাড়তি চাপ থাকবে পন্থের উপর। তাই গত কয়েক সপ্তাহ নিজেকে কঠোর অনুশীলনে ডুবিয়ে রেখেছেন তিনি। ঝরিয়ে ফেলেছেন শরীরের বাড়তি মেদ। চেন্নাইয়ে এলএসজির প্রস্তুতি শিবিরে নেট থেকে বেরতেই তাঁকে প্রশ্ন করা হয়, কতটা ওজন কমিয়েছেন? পন্থের জবাব, ‘এ সব জিজ্ঞাসা করবেন না।’ উল্লেখ্য, ভারতের ওডিআই দলে জায়গা ধরে রাখার লক্ষ্যে ফিটনেসের উন্নতিতে রোহিত শর্মাও প্রায় ১২ কেজি ওজন কমিয়েছিলেন। এবার সেই পথে হাঁটতে দেখা গেল পন্থকে।
সম্প্রতি যুবরাজের কাছে দিন পাঁচেক স্পেশাল ট্রেনিং করেছেন। এলএসজির প্র্যাকটিসেও ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাচ্ছেন পন্থ। তিনি ব্যাট করার সময় নেটের পিছনে দাঁড়িয়ে থাকছেন এলএসজির সহকারী কোচ ল্যান্স ক্লুজনার এবং বোলিং কোচ ভরত অরুণ। কোনও ভুল হলে সঙ্গে সঙ্গে শুধরে দিচ্ছেন তাঁরা। বিশেষ করে, শট নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তাঁকে। পুরো ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো করা হচ্ছে। পরে দলের ভিডিয়ো অ্যানালিস্টের সঙ্গে বসে বোঝার চেষ্টা করেছেন কোথায় কী ভুল হচ্ছে। পন্থের কঠোর অনুশীলন প্রসঙ্গে এলএসজির এক সাপোর্ট স্টাফ বলেছেন, ‘বয়স বাড়লে কিছু জিনিস বদলাতে হয়। নিজেকে ধরে রাখার জন্য বাড়তি পরিশ্রম করতে হয়। ঠিক সেটাই করছে আমাদের ক্যাপ্টেন। পাশাপাশি শরীরের ওজনও অনেকটাই কমিয়ে ফেলেছে। এতে চোট পাওয়ার সম্ভাবনা কমবে।’

সম্পর্কিত সংবাদ