নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত চার বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে ইপিএফের নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা। সেইসব অ্যাকাউন্টে জমা টাকার পুরোটা ‘সেটল’ করা যাচ্ছে না। ফলে ইপিএফওর তহবিলে পড়ে থাকছে হাজার হাজার কোটি টাকা। সবমিলিয়ে চরম সমস্যায় পড়েছে কেন্দ্রীয় সরকার। শ্রমমন্ত্রকের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, ২০২০-২১ আর্থিক বছরে সারা দেশে ইপিএফের মোট নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১১ লক্ষ ৭২ হাজার ৯২৩। অথচ ২০২৩-২৪ আর্থিক বছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে মোট ২১ লক্ষ ৫৫ হাজার ৩৮৭। ২০২০-২১ অর্থবর্ষে ওই নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিতে ব্যালান্স ছিল মোট ৩ হাজার ৯৩০ কোটি ৮৫ লক্ষ টাকা। তার মধ্যে সেটলড হয়েছে দু’হাজার কোটি টাকারও কম। অন্যদিকে, ২০২৩-২৪ আর্থিক বছরে নিষ্ক্রিয় অ্যাকাউন্টে ব্যালান্স ছিল সাড়ে আট হাজার কোটি টাকার কিছু বেশি। কিন্তু তরে মধ্যে তিন হাজার কোটি টাকাও সেটলড হয়নি।



