সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: দিনের খেলা শেষ হতেই ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা। স্যাডো প্র্যাকটিসে ব্যস্ত ‘পাপালি’। ইডেনের লোয়ার টিয়ারে বসে স্ত্রী রোমি। মোবাইল হাতে তিনি অপেক্ষা করছেন ঋদ্ধির ড্রেসিং রুমে ফেরার। স্বামীর সঙ্গে সেলফি তুলবেন! সেই ফাঁকে রোমি বলছিলেন, ‘এমনতিতে আমি ঋদ্ধির ব্যাটিং দেখি না। তা সে জাতীয় দলের হোক কিংবা আইপিএল বা ঘরোয়া ম্যাচ। বিদেশে সঙ্গে গেলেও ওর ব্যাটিংয়ের সময় হোটেলে ফিরে গিয়েছি। আসলে টেনশন নিতে পারি না। কিন্তু ইডেনে যে কেরিয়ারের শেষ ম্যাচ খেলছে! তাই না এসে পারলাম না। তবে আপশোস নিয়ে ফিরতে হচ্ছে। কারণ ও আজ ব্যাট করতেই নামল না।’
Advertisement
বৃহস্পতিবার ইডেনে বাংলা-পাঞ্জাব ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ঋদ্ধিমান সাহা। তারকা উইকেটরক্ষকের বিদায়ী ম্যাচের সাক্ষী থাকতে বেশ কিছু সমর্থক ইডেনে উপস্থিত হয়েছিলেন। ম্যাচ শুরুর আগে উত্তরীয় পরিয়ে ঋদ্ধিকে সংবর্ধনা জানালেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার পাশাপাশি কেকও কাটা হয়। এদিন বাংলার হয়ে প্রথম এক ঘণ্টা উইকেটকিপিং করতেও দেখা গেল ঋদ্ধিকে। তবে প্রতিপক্ষকে বাগে পেয়েও সুবিধা করতে পারল না বাংলা। প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় ৭৩ রানে ৬ উইকেটে খুইয়ে ধুঁকছিল পাঞ্জাব। সেখান থেকে আনমোল মালহোত্রার শতরানে (১০৬) ভর করে ১৯১ তুলল তারা। বাংলার সুরজ সিন্ধু জয়সওয়াল ও অভিষেককারী সুমিত মোহন্ত চারটি করে উইকেট নিয়েছেন। জবাবে প্রথম দিনের শেষে বঙ্গ-ব্রিগেডের স্কোর ৪ উইকেটে ১১৯। পাঞ্জাবের থেকে পিছিয়ে ৭২ রানে। ক্রিজে সুমন্ত গুপ্তর (৩৯) সঙ্গী সুরজ সিন্ধু (৫)।



