Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঋদ্ধিকে শতরান উত্সর্গ সুরজের

ঋদ্ধিকে শতরান উত্সর্গ সুরজের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: অভিষেক পোড়েল আউট হতেই ইডেনের গ্যালারির চোখ বাংলার ডাগ-আউটে। কেরিয়ারের শেষ রনজি ম্যাচে ব্যাট হাতে নামতে তৈরি ঋদ্ধিমান সাহা। কিন্তু ক্রিজে সাত বলের বেশি টিকতে পারেননি পাপালি। শূন্য রানে গুরনুর ব্রারের বেরিয়ে যাওয়া বলে তিনি খোঁচা দিতেই শ্মশানের নিস্তব্ধতা। দুরন্ত ক্ষিপ্রতায় তা তালুবন্দি করতে ভুল হয়নি পাঞ্জাবের উইকেটরক্ষক আনমোল মালহোত্রার। এই ইডেন একসময় ঋদ্ধিকে দু’হাতে ভরিয়ে দিয়েছে। কিন্তু বছর দুয়েক আগে তিনি নন্দনকানন ছেড়ে ত্রিপুরায় পাড়ি দেন। তাই হয়তো অভিমানী ইডেন বিদায়লগ্নে এতটা নিষ্ঠুর! 
Advertisement
অবশ্য ঋদ্ধির বিদায়ী মঞ্চে প্রচারের আলো কাড়লেন সুরজ সিন্ধু জয়সওয়াল। বল হাতে চার উইকেটের পর তাঁর দুরন্ত শতরানে চালকের আসনে বাংলা। রনজি কেরিয়ারের প্রথম সেঞ্চুরি বিদায়ী ঋদ্ধিমানকে উত্সর্গও করলেন তরুণ তুর্কি। ১৮৫ বলে ১১১ রানের দুরন্ত ইনিংসের পথে সুরজ মারলেন ৪টি ছক্কা ও ১৪টি চার। সেই সুবাদে প্রথম ইনিংসে পাঞ্জাবের ১৯১ রানের জবাবে বাংলা তোলে ৩৪৩। অভিষেক পোড়েল ৫২ রান করেন। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবের সংগ্রহ ৩ উইকেটে ৬৪। বাংলার ঝুলিতে লিড ৮৮ রানের। প্রথম দিনের শেষলগ্নে চাপের মুহূর্তে নাইটওয়াচম্যান হিসেবে সুরজকে নামিয়েছিলেন কোচ লক্ষ্মীরতন। আর বাংলার এই পেসারই শেষ পর্যন্ত ইডেন মাতালেন। পর পর চার-ছক্কা হাঁকিয়ে শতরানের পর তাঁর আগ্রাসী সেলিব্রেশন ছিল দেখার মতো। দিনের শেষে সুরজ বললেন, ‘কেরিয়ারের প্রথম সেঞ্চুরির অনুভূতিটা অসাধারণ। এই শতরান ঋদ্ধি দা’কে উত্সর্গ করতে চাই।’
Advertisement
সম্পর্কিত সংবাদ