Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

রোহিতকে আক্রমণাত্মক হওয়ার বার্তা রবি শাস্ত্রীর

রোহিতকে আক্রমণাত্মক হওয়ার বার্তা রবি শাস্ত্রীর
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন: বর্ডার-গাভাসকর ট্রফির তিন ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা। ভারত অধিনায়কের মোট সংগ্রহ ১৯। ব্যাট হাতে অতীতের ছায়া মনে হচ্ছে তাঁকে। চলছে তুমুল সমালোচনাও। এই পরিস্থিতিতে বক্সিং ডে টেস্টে হিটম্যানকে আক্রমণাত্মক মনোভাব নিয়ে ক্রিজে যাওয়ার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, ‘আমি চাইছি, রোহিত যেন কৌশল বদলায়। আগ্রাসন দেখায় ব্যাটিংয়ে। তবেই ছয় নম্বরেও বিপজ্জনক দেখাবে ওকে। একটা স্বচ্ছ ভাবনা নিয়ে ব্যাট করতে নামুক ও। আক্রমণাত্মক থাকুক মানসিকভাবে। কোনও অবস্থায় যেন দ্বিধাগ্রস্ত হয়ে না পড়ে।’
Advertisement
খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য রোহিতকে সবার আগে রক্ষণাত্মক মানসিকতা ঝেড়ে ফেলতে হবে বলে মনে করছেন শাস্ত্রী। তাঁর কথায়, ‘ঠুকে ঠুক খেলব নাকি চালাব, এটা নিয়ে সংশয় যেন না থাকে। আক্রমণই ওর সেরা অস্ত্র। বলের লেংথ দ্রুত বুঝে নেওয়ার ক্ষমতা রয়েছে রোহিতের। তাই শট খেলুক নির্ভাবনায়। কারণ রক্ষণে জোর দিয়েও তো ১০-১৫ মিনিটের মধ্যেই ফিরতে হচ্ছে। তাই স্বাভাবিক ব্যাটিংয়ে অসুবিধা কোথায়? তাহলেই বিপক্ষকে চাপে ফেলা সম্ভব।’ শাস্ত্রী আরও যোগ করেন, ‘ছয় নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন। যে ব্যাটসম্যানরা কাউন্টার অ্যাটাক করার ক্ষমতা ধরে, তারাই এই স্লটে প্রশংসিত হয়েছে। রোহিতের ক্ষেত্রে শুধু ফর্মে ফেরাই জরুরি নয়, দলকে জেতানোও দরকার। অস্ট্রেলিয়ার কন্ডিশনের পক্ষে উপযুক্ত সবরকম শটই মারতে পারে রোহিত। তাই আক্রমণই ওর ফর্মে ফেরার সেরা পথ।’
সম্পর্কিত সংবাদ