নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিরিয়ানি খেতে গিয়ে হারিয়ে গিয়েছে এক গৃহবধূর গলার সোনার হার। দোকান কর্মীকে আটক করে তদন্তে নামল রায়গঞ্জ থানার পুলিস। অভিযোগ, বিরিয়ানি দোকানের সিসি ক্যামেরা ও তার সমস্ত ফুটেজ থাকলেও, হার খোয়া যাওয়ার সময়ের ভিডিও বেপাত্তা হয়ে গিয়েছে। ঘটনা প্রসঙ্গে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি। দোকানের এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে দোকান মালিক বলেন,সাত বছর ধরে ওই দোকানটি আমরা চালাই। কিন্তু কখনও এমন অদ্ভুত অভিযোগ ওঠেনি। এর আগেও অনেকে দোকানে ব্যাগ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ফেলে গিয়েছেন। দোকান কর্তৃপক্ষ সেসব সব সময় ফেরত দেয়। কিন্তু জানি না কীভাবে দোকানের ক্যামেরার ফুটেজের কিছু অংশ বাদ গিয়েছে। হয়ত লোডশেডিং ছিল। আমরাও চাই, পুলিস ঘটনার যথাযথ তদন্ত করুক। প্রসঙ্গত,ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে।



