Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: দুর্নীতি মামলায় চার্জ গঠনের রায়দান ১ জুন

আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গতি আনতে তৎপর হল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি দ্রুত চার্জ গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে চায়।

আর জি কর: দুর্নীতি মামলায় চার্জ গঠনের রায়দান ১ জুন
  • ১৫ মে, ২০২৬ ০৮:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গতি আনতে তৎপর হল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি দ্রুত চার্জ গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে চায়। এই মামলার শুনানি শুরু হয়ে গিয়েছিল। সাক্ষ্য দিয়েছিলেন বেশ কয়েকজন। কিন্তু তার মধ্যে ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার অভিযুক্ত আখতার আলি কোর্টে আত্মসমর্পণ করে জেলে যান। সিবিআই এই মামলায় দ্বিতীয় পর্যায়ে যে চার্জশিট পেশ করে, তাতে অভিযুক্ত হিসাবে নাম ছিল আখতারের। আইনি গেরোয় বিচার প্রক্রিয়া থমকে যায়। ফলে আইন মোতাবেক নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করার তোড়জোড় শুরু হয়। কিন্তু সংশ্লিষ্ট কোর্টের বিচারক এসআইআরের কাজে যুক্ত থাকায় মামলার শুনানি বেশ কিছুদিন বন্ধ থাকে। কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সিবিআই চায়, সমস্ত জটিলতা কাটিয়ে মামলার শুনানি দ্রুতগতিতে চলুক। বৃহস্পতিবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে ছিল এই মামলার শুনানি। সেখানে আখতার আলিদের বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, তা নিয়ে রায়দানের কথা ছিল। কিন্তু তা হয়নি। পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ১ জুন। আদালত সূত্রের খবর, এদিন আর জি করের অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি, চিকিৎসক আশিসকুমার পান্ডে সহ অভিযুক্তদের ভার্চুয়ালে শুনানি চলে। আদালতে হাজির ছিলেন সিবিআইয়ের কৌঁসুলি ও ধৃতদের আইনজীবীরা। সিবিআই সূত্রের খবর, এই মামলায় যথেষ্ট তথ্য‑প্রমাণ রয়েছে। অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চলার ক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ