নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের লিফ্ট‑কাণ্ডে শোরগোল পড়েছিল রাজ্যজুড়ে। সেই মামলায় চার্জ গঠনের শুনানির দিন ধার্য হল আগামী ৩১ আগস্ট। সোমবার শিয়ালদহ আদালত ওই দিনটি ধার্য করে। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় পাঁচ অভিযুক্তের মধ্যে তিন লিফ্টম্যান বর্তমানে জেল হেপাজতে আছেন। বাকি দুই অভিযুক্ত নিরাপত্তারক্ষী আছেন জামিনে। সম্প্রতি তদন্ত শেষ করে কলকাতা গোয়েন্দা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে। সেই মামলায় এদিন আদালতে চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন তা না হওয়ায় ফের শুনানির দিন ঠিক করা হয়। অভিযুক্তদের তরফে আইনজীবী সপ্তর্ষি ঘোষ এদিন দাবি করেন, ‘আমার মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। চার্জ গঠনের শুনানিতে এনিয়ে আমরা আমাদের বক্তব্য কোর্টের কাছে তুলে ধরব।’ বেশ কিছুদিন আগে আজ জি কর হাসপাতালে লিফ্টের দরজায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, দুই নিরাপত্তারক্ষী ও তিন লিফ্টম্যানের গাফিলতিতেই ওই ঘটনা ঘটেছে। এরপর কলকাতা গোয়েন্দা পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল।



