নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে চিকিসককে খুন ও ধর্ষণের ঘটনায় সাসপেন্ডেড ডিসি অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়কে শুক্রবার জেরা করল সিবিআই। ঘটনার সময় তাঁরা কলকাতা পুলিশে পোস্টিং ছিলেন। একইসঙ্গে কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েলকেও এদিন তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা দেননি। কী ঘটনা ঘটেছিল? নির্ভয়ার দেহ যেখানে পড়েছিল সেখানে কারা কারা হাজির হয়েছিলেন? মূলত এই সংক্রান্ত বিষয়গুলি তাঁদের কাছে জানতে চাওয়া হয়।
রাজ্যে পালাবদলের পর আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। যদিও তদানীন্তন সিপির সাসপেনশনের সিদ্ধান্ত মানতে পারেননি আইপিএস মহলের একটি বড়ো অংশ। সরাসরি না-হলেও, শুভেন্দু সরকারের এই ভূমিকায় যে তাঁরা খুশি নন, জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। আর জি কাণ্ডের তদন্তে প্রথম থেকেই বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। নির্যাতিতার পরিবার একইসঙ্গে তদন্তে গাফিলতির একাধিক বিষয় সামনে আনে।
তৃণমূলপন্থী এক ডাক্তারকে কলকাতা পুলিশের তদন্তকারী দলের সঙ্গে দেখা যায়। তিনি সেখানে কী করছিলেন? এই প্রশ্ন উঠতেই লালবাজার দাবি করে যে, তিনি ‘ফরেনসিক বিশেষজ্ঞ’! একইসঙ্গে নির্ভয়ার দেহ যেখানে পড়ে ছিল সেই এলাকা ঘিরে দেওয়া হল না কেন—তা নিয়েও বিতর্ক দানা বাঁধে। হাইকোর্টের নির্দেশে ‘সিট’ তদন্তভার গ্রহণের পর সাসপেন্ডেড তিন আইপিএস অফিসারকে শুক্রবার তলব করে সিবিআইয়ের সিট।
সেইমতো এদিন নিউটাউনে সিবিআই দপ্তরে হাজির হন আইপিএস অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়। সূত্রের খবর, অভিষেক গুপ্তার কাছে তদন্তকারীরা জানতে চান, ওইদিন ঘটনার খবর তিনি কখন জেনেছিলেন? ঘটনাস্থলে তিনি পৌঁছান কখন? সেখানে গিয়ে তিনি কী কী দেখিছিলেন? দেহ কী অবস্থায় পড়েছিল? সেমিনার রুমে হাজির ছিল কারা? এমন নানা বিষয় তাঁর কাছ থেকে জানতে চান সিট সদস্যরা। আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় সংশ্লিষ্ট ডিভিশনের ডিসি না-হওয়া সত্ত্বেও তদন্ত প্রক্রিয়ায় যুক্ত হন কীভাবে? এই কাজ কার নির্দেশে করেছিলেন তিনি? এমন একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। তবে তদানীন্তন সিপি বিনীত গোয়েল এদিন আসেননি।