নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর লিফ্ট‑কাণ্ডে অবশেষে চার্জ গঠনের শুনানির দিন ধার্য হল আগামী ১৭ আগস্ট। শিয়ালদহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভজিৎ বসুর এজলাসে এই শুনানি হওয়ার কথা। বুধবার মামলার বিশেষ সরকারি কৌঁসুলি তপন রায় এই খবর জানান। তিনি বলেন, ‘ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মূল মামলার বিচার শুরু হবে।’ আদালত সূত্রে জানা গিয়েছে, আর জি কর লিফ্ট‑কাণ্ডে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছিল। তদন্তে নেমে কলকাতা গোয়েন্দা পুলিশ সংশ্লিষ্ট হাসপাতালের দুই নিরাপত্তারক্ষী ও তিন লিফ্টম্যানকে পাকড়াও করে। পরে আদালত থেকে দুই নিরাপত্তারক্ষী জামিন পেলেও বাকি তিন লিফ্টম্যানের জামিনের আরজি খারিজ হয়ে যায়। বর্তমানে তাঁরা জেল হেপাজতে আছেন। এই মামলার তদন্ত শেষ করে পুলিশ চার্জশিট দেওয়ায় মামলাটি শিয়ালদহের নিম্ন থেকে উচ্চ আদালতে যায়। অভিযুক্তদের কৌঁসুলি সপ্তর্ষি ঘোষ বলেন, ‘মূল মামলার শুনানি শুরু হলে আমরা কোর্টের কাছে বক্তব্য পেশ করব।’



