Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যুত বিল আপডেটের টোপ, বনগাঁয় প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক

বিদ্যুতের বিল আপডেট করে দেওয়ার নাম করে প্রতারণা। অবসরপ্রাপ্ত শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা গায়েব।

বিদ্যুত বিল আপডেটের টোপ, বনগাঁয় প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিদ্যুতের বিল আপডেট করে দেওয়ার নাম করে প্রতারণা। অবসরপ্রাপ্ত শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা গায়েব। টাকা ফেরত পেতে বনগাঁ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন প্রাক্তন শিক্ষক। বনগাঁ কালীবাড়ি এলাকার বাসিন্দা সপ্তর্ষি হোড় একটি বিদ্যুতের বিল নিয়ে সমস্যায় পড়েন। বিলের টাকা জমা দিলেও সেই বিল আপডেট না হওয়ায় তিনি বিদ্যুৎ দপ্তরের অফিসে যোগাযোগ করেন।

Advertisement

এরই মধ্যে শুক্রবার সকাল ১০টা নাগাদ তাঁর কাছে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, তাঁর বিলের সমস্যার সমাধান হয়ে যাবে। সেজন্য একটি লিঙ্ক দিয়ে তাতে ক্লিক করতে বলা হয়। সেই মতো লিঙ্ক খুলে কয়েকটি অপশনে ক্লিকও করেন সপ্তর্ষিবাবু। একাধিক অপশন থাকায় তিনি আশঙ্কা করেন, প্রতারণার শিকার হতে পারেন। সেই কারণে তিনি লিঙ্ক থেকে বেরিয়ে আসেন। তখন অচেনা ওই ব্যক্তি শিক্ষকের ব্যাংক ব্যালেন্স চেক করে নেওয়ার কথা বলেন। অনলাইনে ব্যাংকের ব্যালেন্স চেক করেন অবসরপ্রাপ্ত শিক্ষক। কিন্তু তখন ব্যালেন্স ঠিক থাকলেও শনিবার ভোরে তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে বলে জানতে পারেন। এরপরই তিনি সাইবার থানায় অভিযোগ করেন। অবসরপ্রাপ্ত ওই শিক্ষক সপ্তর্ষিবাবু বলেন, বিদ্যুতের বিলের সমস্যা ছিল। ফলে ওই ফোন আসায় প্রথমে ভেবেছিলাম সঠিক। কিন্তু পরে সন্দেহ হলে সেখান থেকে বেরিয়ে আসি। ওই ব্যক্তি আমাকে ব্যালেন্স চেক করতে বলেন। পরে জানতে পারি, আমার অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ