Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘তোলা’ না দেওয়ায় রেস্তরাঁয় হামলা! বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

পালাবদলের পর থেকেই ‘তোলাবাজি’র বিরুদ্ধে সরব বিজেপির রাজ্য নেতৃত্ব। দলের কর্মীদেরও বারবার তোলাবাজি থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি।

‘তোলা’ না দেওয়ায় রেস্তরাঁয় হামলা! বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পালাবদলের পর থেকেই ‘তোলাবাজি’র বিরুদ্ধে সরব বিজেপির রাজ্য নেতৃত্ব। দলের কর্মীদেরও বারবার তোলাবাজি থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি। কিন্তু সেই বিজেপি কর্মীদের বিরুদ্ধেই এবার ‘তোলা’ চাওয়ার অভিযোগ উঠল আমডাঙায়। আর তা দিতে অস্বীকার করায় এক রেস্তরাঁয় হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আমডাঙা থানার মরিচা পঞ্চায়েতের ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রেস্তরাঁর মালিক থানায় কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাতে বলা হয়েছে, বুধবার রাত প্রায় ১টা নাগাদ একদল যুবক নুরুল হাসানের রেস্তরাঁয় চড়াও হয়। রাস্তা থেকে ইট-পাটকেল ছুড়ে দোকানের সামনের অংশে ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া হয় দোকানের সিসি ক্যামেরাও। রাতের এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রেস্তরাঁ চালান নুরুল। সম্প্রতি একটি বাগান কিনেছেন তিনি। ব্যবসায়ীর অভিযোগ, বাগান কেনার পর তাঁর কাছে ১০ লক্ষ টাকা ‘তোলা’ চায় বিজেপির কয়েকজন। সেই টাকা দিতে অস্বীকার করেন নুরুল। যদিও পরে তিনি ওই যুবকদের পিকনিকের জন্য ২০ হাজার টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন। নুরুলের অভিযোগ, তোলা দিতে অস্বীকার করার পর থেকেই তাঁর রেস্তরাঁকে নিশানা করে তারা। কয়েকবার দোকান বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত বুধবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সকালে রেস্তরাঁ খুলতে এসে ভাঙচুরের ঘটনা নজর করেন তিনি। সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসি ক্যামেরাও ভাঙা। সঙ্গে সঙ্গে আমডাঙা থানায় খবর দেন ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। যদিও তোলাবাজির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। আমডাঙার বিজেপি নেতা অরিন্দম দে’র দাবি, নুরুলের সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ থাকতে পারে। তার জেরেই হয়ত এই ঘটনা। এর সঙ্গে বিজেপির যোগ নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ