সংবাদদাতা, আলিপুরদুয়ার: উত্তরে কর্মরত চা শ্রমিকদের জন্য বড়ো উদ্যোগ রাজ্য সরকারের। বাগানে কর্মরত শ্রমিকদের কাজের ফাঁকে বিশ্রামের জন্য উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানে ‘রেস্ট শেড’ বা বিশ্রামাগার তৈরি হবে। প্রতিটি রেস্ট শেড তৈরিতে খরচ হবে ৫ লক্ষ টাকা করে। উত্তরবঙ্গে ৩০২টি চা বাগান আছে। মোট ৬৫০টি রেস্ট শেড তৈরি করে দেওয়া হবে। শুক্রবার শিলিগুড়িতে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে বিভিন্ন চা বাগান মালিক সংগঠনের বৈঠক হয়। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব আর বিমলা। সেখানে চা মালিক সংগঠনগুলি চা শিল্পের উন্নয়নে একাধিক প্রস্তাব রাখে সরকারের কাছে।
রেস্ট শেড বা বিশ্রামাগারগুলিতে থাকবে শৌচাগার, পরিস্রুত খাওয়ার পানীয় জল ও শিশুদের মাতৃদুগ্ধপানের কক্ষ। বৈঠক সূত্রে জানা গিয়েছে, ৭৫ একর জমি থাকা চা বাগানগুলিতে একটি করে রেস্ট শেড তৈরি হবে। পূর্ণাঙ্গ বড়ো চা চা বাগানগুলিতে ন্যূনতম তিন থেকে পাঁচটি করে রেস্ট শেড তৈরি হতে পারে। শ্রমিকরা দুই বেলাই রোদ-জল-ঝড়-বৃষ্টিতে বাগানে কাঁচা চা পাতা তোলার কাজ করেন। টানা তিন-চার ঘণ্টা কাজের ফাঁকে তাঁদের একটি বিশ্রামের দরকার হয়। কিন্তু, অনেক বাগানেই বিশ্রামের জন্য কোনো রেস্ট শেড নেই। রাজ্যের নতুন সরকার চা শ্রমিকদের জন্য এবার সেই পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে। বাগানে মহিলা শ্রমিকরাও কাজ করেন। তাঁদের শিশুসন্তানকে দুগ্ধপান করানোর জন্য আলাদা করে কক্ষের ব্যবস্থাও থাকবে।